ভবানীপুরে মমতার বিরুদ্ধে প্রার্থী শুভেন্দু, লড়বেন নন্দীগ্রামেও

ভবানীপুরে মমতার বিরুদ্ধে প্রার্থী শুভেন্দু, লড়বেন নন্দীগ্রামেও

বিজেপির প্রার্থী তালিকা ঘিরে জল্পনার অবসান ঘটিয়ে স্পষ্ট হয়ে গেল মেগা লড়াইয়ের রূপরেখা। নন্দীগ্রামের পাশাপাশি এবার ভবানীপুর বিধানসভা কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন শুভেন্দু অধিকারী। গত সপ্তাহে দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকেই এই সিদ্ধান্ত একপ্রকার চূড়ান্ত হয়েছিল। দলীয় সূত্রে খবর, খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবুজ সংকেত মেলার পরেই শুভেন্দুকে এই জোড়া লড়াইয়ের ময়দানে নামানোর সিদ্ধান্ত নেয় শীর্ষ নেতৃত্ব।

শুভেন্দু অধিকারী নিজেই ভবানীপুরে প্রার্থী হওয়ার বিষয়ে বিশেষ আগ্রহ প্রকাশ করেছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও সর্বভারতীয় নেতা নিতিন নবীনের সঙ্গে আলোচনায় তিনি জানান, উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে তিনি নিজেই লড়তে প্রস্তুত। গেরুয়া শিবিরের মতে, ভবানীপুরে শুভেন্দুকে প্রার্থী করার মাধ্যমে রাজ্যজুড়ে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির লড়াইয়ের এক জোরালো বার্তা দেওয়া সম্ভব হবে। পাশাপাশি বিরোধীদের ‘সেটিং’ তত্ত্ব খারিজ করে দলীয় কর্মীদের মনোবল বাড়ানোই বিজেপির মূল লক্ষ্য।

নির্বাচন কমিশনের ঘোষিত নির্ঘণ্ট অনুযায়ী, প্রথম দফায় নন্দীগ্রামে এবং দ্বিতীয় দফায় ভবানীপুরে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সময়ের এই ব্যবধান শুভেন্দুকে দুই কেন্দ্রেই প্রচারের পর্যাপ্ত সুযোগ করে দেবে বলে মনে করছে রাজনৈতিক মহল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে কাউকে আনুষ্ঠানিক ঘোষণা না করলেও, মমতার বিরুদ্ধে সরাসরি লড়াইয়ে নেমে শুভেন্দু নিজেকে দলের প্রধান মুখ হিসেবেই তুলে ধরলেন। এর ফলে আসন্ন নির্বাচনে ভবানীপুর যে হাইভোল্টেজ লড়াইয়ের সাক্ষী থাকবে, তা নিশ্চিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *