ইজ়রায়েল-আমেরিকা সংঘাতে ইরানের ‘ডান্সিং মিসাইল’ হানা, রণক্ষেত্রে নয়া সমীকরণ

ইজ়রায়েল ও আমেরিকার সঙ্গে সংঘাতের ১৬তম দিনে এই প্রথমবার শক্তিশালী ‘সেজ্জিল’ বা ‘ডান্সিং মিসাইল’ ব্যবহার করল ইরান। ইরানি সংবাদমাধ্যম প্রেসটিভি-র প্রতিবেদন অনুযায়ী, রবিবার মধ্যপ্রাচ্যে অবস্থিত ইজ়রায়েলি ও মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে এই উন্নত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে শত্রুপক্ষের বিরুদ্ধে এই বিশেষ প্রযুক্তির ক্ষেপণাস্ত্রের ব্যবহার তেহরানের পক্ষ থেকে এটাই প্রথম।
ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি সেজ্জিল একটি দ্বিস্তরীয় এবং কঠিন জ্বালানিচালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। প্রায় ২,০০০ কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র ৭০০ কিলোগ্রাম পর্যন্ত বিস্ফোরক বহনে সক্ষম। উৎক্ষেপণের পর নির্দিষ্ট উচ্চতায় পৌঁছে নিখুঁত নিশানায় আঘাত হানার ক্ষমতার কারণে একে ‘ডান্সিং মিসাইল’ বলা হয়। বিশেষজ্ঞরা মনে করছেন, এটি ইজ়রায়েলের ‘আয়রন ডোম’-এর মতো অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম।
বর্তমান এই রক্তক্ষয়ী সংঘর্ষে ইতিমধ্যেই দুই পক্ষের প্রায় ২,০০০ মানুষের মৃত্যু হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুর পর থেকেই সংঘাত চরম আকার ধারণ করেছে। পেন্টাগনের দাবি অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে আমেরিকা ও ইজ়রায়েল বাহিনী ইরানের প্রায় ১৫,০০০ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। পাল্টা জবাব দিতে ইরান এখন তাদের সবথেকে শক্তিশালী ও কৌশলগত অস্ত্রগুলো ব্যবহার করতে শুরু করেছে।