বাংলায় ৬০ লক্ষ বিচারাধীন ভোটারের ভাগ্য ঝুলে, নজর সুপ্রিম কোর্টের রায়ে

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের প্রায় ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায় থাকায় তাঁদের ভোটাধিকার নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে। নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া শেষে বিপুল সংখ্যক মানুষের নথিপত্র যাচাইয়ের কাজ এখনও আসাম্পূর্ণ রয়ে গেছে। এই নজিরবিহীন পরিস্থিতিতে সাধারণ ভোটার ও রাজনৈতিক মহলের নজর এখন সুপ্রিম কোর্টের চূড়ান্ত নির্দেশিকার দিকে।
ইতিমধ্যে যাচাইকৃত ১৬ লক্ষ ভোটারের নাম সম্পূরক তালিকায় প্রকাশের প্রস্তুতি চললেও, প্রায় ৪০ শতাংশ আবেদন নথিগত ত্রুটির কারণে বাতিল হয়েছে। শীর্ষ আদালতের নির্দেশানুসারে, কলকাতা হাইকোর্টের তত্ত্বাবধানে প্রাক্তন বিচারপতিদের নিয়ে গঠিত একটি বিশেষ ট্রাইব্যুনাল এই বাতিল হওয়া আবেদনগুলোর চূড়ান্ত নিষ্পত্তি করবে। তবে ট্রাইব্যুনাল গঠনের সময়সীমা নিয়ে ধোঁয়াশা থাকায় কয়েক লক্ষ মানুষের ভোটদানের ভবিষ্যৎ বর্তমানে প্রশ্নচিহ্নের মুখে।
রাজ্যে দুই দফার নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ যথাক্রমে ৬ ও ৯ এপ্রিল। হাতে থাকা মাত্র কয়েক সপ্তাহের মধ্যে বাকি ৪৪ লক্ষ ভোটারের নথি যাচাই এবং ট্রাইব্যুনালের আইনি প্রক্রিয়া সম্পন্ন করা প্রায় আসাম্ভব বলে মনে করা হচ্ছে। এমতাবস্থায় আগামী ২৫ মার্চ সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানিই নির্ধারণ করবে এই বিপুল সংখ্যক নাগরিক আসন্ন নির্বাচনে তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন কি না।