ডিজিটাল অ্যারেস্টের ফাঁদে ৩ কোটি টাকা প্রতারণা, অশোকনগর থেকে ধৃত যুবক

কুরিয়ার সার্ভিসে মাদক থাকার ভয় দেখিয়ে ডিজিটাল অ্যারেস্টের মাধ্যমে ৩ কোটি টাকা হাতানোর অভিযোগে উত্তর ২৪ পরগনার অশোকনগর থেকে অর্পণ শিকদার নামে এক যুবককে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। অভিযুক্ত যুবক তার বান্ধবীর নথি ও ব্রডব্যান্ড সংযোগ ব্যবহার করে এই জালিয়াতি চক্র চালাত বলে তদন্তে জানা গেছে। পুলিশ অর্পণের ডেরা থেকে সিম বক্স ও একাধিক সিম কার্ড উদ্ধার করেছে।
ঘটনার সূত্রপাত ২০২৫ সালের অক্টোবরে, যখন এক দম্পতিকে কুরিয়ার সংস্থার পরিচয় দিয়ে ফোন করে মাদক পাচারের অভিযোগে ভয় দেখানো হয়। এরপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিক সেজে টানা ১৪ দিন ভিডিও কলের মাধ্যমে তাঁদের ‘ডিজিটাল অ্যারেস্ট’ করে রাখা হয়। প্রাণনাশের ও আইনি জটিলতার ভয়ে ওই দম্পতি ধাপে ধাপে প্রতারকদের অ্যাকাউন্টে মোট ৩ কোটি টাকা পাঠান।
প্রতারিত হওয়ার বিষয়টি বুঝতে পেরে দম্পতি কলকাতা পুলিশের সাইবার শাখায় অভিযোগ দায়ের করেন। গত ফেব্রুয়ারিতে উত্তর কলকাতায় তল্লাশি চালিয়ে পুলিশ সিম বক্সের হদিশ পায়, যা তদন্তের মোড় ঘুরিয়ে দেয়। সেই সূত্র ধরেই পুলিশ অর্পণের সন্ধান পায় এবং তাকে গ্রেফতার করে। বর্তমানে এই চক্রের সাথে অন্য কারোর যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।