ভবানীপুরে হাইভোল্টেজ লড়াই: মমতার গড়ে এবার চ্যালেঞ্জার শুভেন্দু

ভবানীপুরে হাইভোল্টেজ লড়াই: মমতার গড়ে এবার চ্যালেঞ্জার শুভেন্দু

২০২৬ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই বাংলার রাজনীতিতে বড়সড় ধামাকা। সোমবার বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশের পর স্পষ্ট হয়ে গেল, নন্দীগ্রামের পাশাপাশি এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খাসতালুক ভবানীপুর থেকেও লড়াই করবেন শুভেন্দু অধিকারী। একুশের নির্বাচনে নন্দীগ্রামে দিদি-দাদার সেই ঐতিহাসিক লড়াইয়ের পুনরাবৃত্তি এবার দেখা যাবে কলকাতার রাজপথে।

২০২১ সালে শুভেন্দুর গড় নন্দীগ্রামে গিয়ে লড়াই করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নাটকীয় গণনার শেষে সামান্য ব্যবধানে জয়ী হন শুভেন্দু, যা নিয়ে আদালত পর্যন্ত জল গড়িয়েছিল। এবার কৌশলী পদক্ষেপে বিজেপি বিরোধী দলনেতাকেই মমতার বিরুদ্ধে প্রার্থী করেছে। রাজনৈতিক মহলের মতে, মুখ্যমন্ত্রীকে নিজের কেন্দ্রে ব্যস্ত রাখতেই গেরুয়া শিবিরের এই জোড়া আসনে শুভেন্দুকে লড়ানোর সিদ্ধান্ত।

তৃণমূল নেত্রী ইতিপূর্বেই ভবানীপুর থেকে লড়ার ইঙ্গিত দিয়ে কমিশন ও বিজেপিকে জয়ের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। অন্যদিকে, অধিকারীদের গড় নন্দীগ্রাম শুভেন্দুর শক্ত ঘাঁটি হলেও ভবানীপুর মমতার দীর্ঘদিনের রাজনৈতিক বিচরণক্ষেত্র। ফলে নিজের গড়ে শুভেন্দুর এই চ্যালেঞ্জ মমতা কীভাবে মোকাবিলা করেন এবং একুশের হারের বদলা নিতে পারেন কি না, সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা রাজ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *