কাবুলের হাসপাতালে পাক বিমান হামলা: ৪শ’ প্রাণহানি, যুদ্ধের দ্বারপ্রান্তে দুই দেশ

কাবুলের একটি ২ হাজার শয্যার পুনর্বাসন কেন্দ্রে পাকিস্তানের ভয়াবহ বিমান হামলায় অন্তত ৪০০ জন নিহত এবং ২৫০ জন আহত হয়েছেন। আফগান সরকারের দাবি, সোমবার রাতে এই হামলায় হাসপাতালের বড় অংশ ধ্বংস হয়ে গেছে, যার শিকার হয়েছেন চিকিৎসাধীন সাধারণ মানুষ। তবে ইসলামাবাদ এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।
পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেছেন, তারা কেবল নির্দিষ্ট সামরিক অবকাঠামো ও জঙ্গি আস্তানায় লক্ষ্যভেদ করেছেন। এই ঘটনার কয়েক ঘণ্টা আগে সীমান্তে দুই দেশের বাহিনীর গুলিবিনিময়ে আরও চারজন আফগান নাগরিক নিহত হন। গত তিন সপ্তাহ ধরে চলা এই সংঘর্ষ এখন চরম উত্তেজনার সৃষ্টি করেছে।
সীমান্তে অব্যাহত রক্তক্ষয় ও পাল্টাপাল্টি হামলায় আফগানিস্তান-পাকিস্তান সম্পর্ক এখন খাদের কিনারায়। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বর্তমান পরিস্থিতিকে ‘উন্মুক্ত যুদ্ধ’ হিসেবে অভিহিত করেছেন। কাতারের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি ভেঙে যাওয়ায় সীমান্ত অঞ্চলের বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ও অনিশ্চয়তা বিরাজ করছে।