কসবা কেন্দ্রে বামেদের নতুন মুখ দিপু দাস, প্রার্থী তালিকায় নেই শতরূপ ঘোষ

কসবা কেন্দ্রে বামেদের নতুন মুখ দিপু দাস, প্রার্থী তালিকায় নেই শতরূপ ঘোষ

আসন্ন বিধানসভা নির্বাচনে কসবা কেন্দ্রে বড়সড় রদবদল ঘটিয়েছে সিপিআইএম। দীর্ঘদিনের পরিচিত মুখ শতরূপ ঘোষের পরিবর্তে এবার এই কেন্দ্রে লড়বেন অপেক্ষাকৃত নতুন মুখ দিপু দাস। সোমবার বামফ্রন্টের ১৯২ জন প্রার্থীর তালিকায় শতরূপের নাম না থাকায় রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়। ২০১১ সাল থেকে টানা তিনবার এই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করলেও জয়ের মুখ দেখেননি এই তরুণ নেতা।

প্রার্থী তালিকায় শতরূপের অনুপস্থিতি নিয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানান, এটি সম্পূর্ণ শতরূপের ব্যক্তিগত সিদ্ধান্ত। তিনি এবার ভোট ময়দানের বদলে সাংগঠনিক কাজে বেশি সময় দিতে আগ্রহী। নিজের উদাহরণ টেনে বিমান বসু বলেন, ১৯৫৯ সাল থেকে তিনিও বহুবার প্রার্থীর প্রস্তাব পেলেও দলের কাজকেই প্রাধান্য দিয়েছেন। যারা সক্রিয়ভাবে সংগঠন করতে চায়, দল তাদের সিদ্ধান্তকে সবসময় স্বাগত জানায়।

ছাত্র রাজনীতি থেকে উঠে আসা শতরূপ ঘোষ সংবাদমাধ্যমের বিতর্কসভায় বামেদের অন্যতম পরিচিত মুখ। তীক্ষ্ণ ও যৌক্তিক বাগ্মিতার জন্য তিনি জনপ্রিয় হলেও নির্বাচনী লড়াইয়ে এবার বিরতি নিচ্ছেন। দলের প্রবীণ নেতৃত্বের সায় নিয়ে তিনি এখন পূর্ণাঙ্গভাবে দলীয় সংগঠনে মনোনিবেশ করতে চলেছেন। কসবায় নতুন প্রার্থী দিপু দাসের কাঁধে ভর করেই এবার নির্বাচনী বৈতরণী পার হতে চাইছে আলিমুদ্দিন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *