১১ বছরে পৌনে ১০ লক্ষ কোটি টাকার ঋণ মকুব, লোকসভায় চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র

১১ বছরে পৌনে ১০ লক্ষ কোটি টাকার ঋণ মকুব, লোকসভায় চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র

লোকসভায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের উত্তরে গত ১১ বছরে ব্যাংক ঋণের পাহাড়প্রমাণ বোঝা মকুবের হিসাব দিল কেন্দ্রীয় সরকার। অর্থ মন্ত্রকের রাষ্ট্রপ্রতি পঙ্কজ চৌধুরী লিখিতভাবে জানিয়েছেন, গত এক দশকে দেশে মোট ৯ লক্ষ ৭৪ হাজার ৫১৫ কোটি টাকার ঋণ মকুব বা ‘রাইট অফ’ করা হয়েছে। তবে কোন ১০টি বড় সংস্থা এই সুবিধার আওতায় এসেছে বা কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কত টাকা ছাড় দেওয়া হয়েছে, সেই সুনির্দিষ্ট তথ্য এড়িয়ে গিয়েছে কেন্দ্র।

অন্যদিকে, স্বাস্থ্য বিমার প্রিমিয়াম বৃদ্ধি ও কৃষিজাত বর্জ্য পোড়ানো নিয়ে সরকারের কাছে পর্যাপ্ত পরিসংখ্যান না থাকায় সরব হয়েছেন বিরোধীরা। তৃণমূল সাংসদ মালা রায়ের প্রশ্নের উত্তরে সরকার স্বীকার করে নিয়েছে যে বিমার প্রিমিয়াম বাড়ছে, যদিও এর নির্দিষ্ট হার বা চিকিৎসার ব্যয় বৃদ্ধির কোনো খতিয়ান তাদের কাছে নেই। পাশাপাশি, উত্তর ভারতে নাড়া পোড়ানোর ফলে স্বাস্থ্যহানি রুখতে সরকারি পদক্ষেপ নিয়ে দীপক অধিকারীর প্রশ্নের উত্তরেও ধোঁয়াশা বজায় রেখেছে সংশ্লিষ্ট মন্ত্রক।

সংসদের অধিবেশনে রেল বাজেট নিয়ে আলোচনায় অংশ নিয়ে মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া পশ্চিমবঙ্গের প্রতি বঞ্চনার অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, রাজ্যের রেল প্রকল্পগুলোতে কেন্দ্র বৈমাত্রেয় আচরণ করছে। একইসঙ্গে প্রবীণ নাগরিকদের টিকিটে ছাড়ের পুরনো ব্যবস্থা পুনরায় ফিরিয়ে আনার জন্য তিনি জোরালো দাবি জানান। সরকারের এই দায়সারা মনোভাব ও তথ্য গোপনের চেষ্টার তীব্র সমালোচনা করেছেন বিরোধী শিবিরের একাধিক সদস্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *