ত্রিপুরার বাজেটে কর্মসংস্থান ও উন্নয়নে বড় চমক, সরকারি কর্মীদের জন্য ৫ শতাংশ ডিএ ঘোষণা

ত্রিপুরা বিধানসভায় ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য ৩৪,২১২.৩১ কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায়। গত বছরের তুলনায় ৫.৫২ শতাংশ বর্ধিত এই বাজেটে কোনো নতুন কর আরোপ করা হয়নি। অর্থনীতিকে চাঙ্গা করতে মূলধনী ব্যয়ে ১৩.১৯ শতাংশ এবং স্বাস্থ্য খাতে বরাদ্দ ২৫.২৯ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। এছাড়া কৃষি, শিক্ষা ও গ্রামোন্নয়ন খাতেও উল্লেখযোগ্য বরাদ্দ বাড়ানো হয়েছে।
বেকারত্ব দূরীকরণে বাজেটে ‘মুখ্যমন্ত্রী আন্তর্জাতিক কর্মসংস্থান প্রকল্প’ চালুর ঘোষণা দেওয়া হয়েছে, যার মাধ্যমে নার্সিং ও কারিগরি শিক্ষার্থীরা বিদেশে চাকরির সুযোগ পাবেন। পাশাপাশি আগরতলায় একটি ড্রোন স্কুল এবং ফরেন ল্যাঙ্গুয়েজ স্কুল স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইটি সেক্টরের উন্নয়নে সাইবার সিকিউরিটি তহশিল ও এআই সিটি প্রকল্পের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে রাজ্য সরকার।
বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য ৫ শতাংশ মহার্ঘ ভাতা (DA/DR) ঘোষণা করেছেন। আগামী ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তের ফলে প্রায় ১.৮৩ লক্ষ মানুষ উপকৃত হবেন। যদিও বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বাজেটের ঘাটতি ও বকেয়া ডিএ নিয়ে প্রশ্ন তুলে সরকারের সমালোচনা করেছেন।