বিপ্লব রেলের টিকিটিং ব্যবস্থায়: ৪০ বছর পর আমূল বদলে যাচ্ছে রিজার্ভেশন সিস্টেম

ভারতীয় রেলের দীর্ঘ প্রতীক্ষিত প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম (PRS) এক হাজার কোটি টাকার বিশাল প্রকল্পের মাধ্যমে আধুনিকীকরণের পথে। দীর্ঘ ৪০ বছর পর পুরনো সফটওয়্যার সরিয়ে রেড হ্যাট লিনাক্স ভিত্তিক ওপেন-সোর্স প্ল্যাটফর্ম গ্রহণ করছে রেল। নতুন এই প্রযুক্তিতে টিকিট বুকিংয়ের গতি এখনকার তুলনায় পাঁচ গুণ বৃদ্ধি পাবে। বর্তমানে প্রতি মিনিটে ২৫ হাজার টিকিট বুক করা সম্ভব হলেও, নতুন ব্যবস্থায় তা বেড়ে দাঁড়াবে ১ লক্ষ ২৫ হাজারে। এর ফলে তৎকাল বুকিংয়ের সময় সার্ভার জট ও ‘সেশন এক্সপায়ারড’-এর মতো সমস্যা থেকে মুক্তি পাবেন কোটি কোটি যাত্রী।
রেলের এই নতুন ডিজিটাল পরিকাঠামোয় সাইবার নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ৬০০ কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে নিজস্ব সাইবার সিকিউরিটি নেটওয়ার্ক ‘IR-SOC’, যা দেশের ২৬টি সাব-সেন্টারের মাধ্যমে রিয়েল-টাইম নজরদারি চালাবে। এছাড়া অবৈধ বট এবং ভুয়া অ্যাকাউন্ট রুখতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে; ইতিমধ্য়েই প্রায় ২.৫ কোটি সন্দেহভাজন ইউজার আইডি ব্লক করেছে IRCTC। এর ফলে সাধারণ যাত্রীদের টিকিট পাওয়ার সম্ভাবনা যেমন বাড়বে, তেমনই কালোবাজারি ও অবৈধ সফটওয়্যারের দৌরাত্ম্য বন্ধ হবে।
আধুনিকীকরণের এই ঢেউ সাধারণ ও প্ল্যাটফর্ম টিকিটের ক্ষেত্রেও (UTS) ছড়িয়ে পড়ছে। দেশের প্রায় ৩,৫০০ বুকিং টার্মিনাল এবং হাজার হাজার রাউটার ইতিমধ্যেই আপগ্রেড করা হয়েছে। রেলের তথ্য প্রযুক্তি সংস্থা ‘ক্রিস’ (CRIS)-এর লক্ষ্য অনুযায়ী, আগামী এপ্রিল থেকে জুনের মধ্যে নতুন এই উন্নত ব্যবস্থাটি পুরোপুরি কার্যকর হতে পারে। এর পাশাপাশি ২০০ কোটি টাকার বিশেষ প্রকল্পের মাধ্যমে আনরিজার্ভড টিকিটিং ব্যবস্থাকেও ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ ডিজিটাল ও স্বয়ংক্রিয় করে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে ভারতীয় রেল।