বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা: চরম অনিশ্চয়তায় বিশ্বভারতীর সমাবর্তন

বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা: চরম অনিশ্চয়তায় বিশ্বভারতীর সমাবর্তন

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই বিশ্বভারতীর বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান আয়োজন নিয়ে প্রবল অনিশ্চয়তা তৈরি হয়েছে। নির্বাচন কমিশন রাজ্যে দুই দফায় ভোটের নির্ঘণ্ট প্রকাশ করায় এই ঐতিহ্যবাহী অনুষ্ঠান ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে। বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ জানিয়েছেন, আচার্যের দপ্তর থেকে এখনও নির্দিষ্ট কোনো তারিখ জানানো হয়নি, যদিও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যাবতীয় প্রস্তুতি ইতিপূর্বেই সম্পন্ন করে রাখা হয়েছিল।

দীর্ঘদিন স্থায়ী উপাচার্য না থাকায় গত বছর সমাবর্তন স্থগিত ছিল। এক বছর আগে অধ্যাপক প্রবীরকুমার ঘোষ স্থায়ী উপাচার্যের দায়িত্ব নেওয়ার পর ফেব্রুয়ারি বা মার্চের শুরুতে অনুষ্ঠানটি করার পরিকল্পনা নেওয়া হয়। সেই লক্ষ্যে শান্তিনিকেতনের আম্রকুঞ্জ সংস্কার, পরিকাঠামো উন্নয়ন এবং শিক্ষার্থীদের থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজও শেষ হয়েছিল। এমনকি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও রাজ্যপালকেও এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল বলে বিশ্ববিদ্যালয় সূত্রে খবর।

মার্চের দ্বিতীয় সপ্তাহ অতিবাহিত হওয়ার পরও সমাবর্তনের দিন ঘোষণা না হওয়ায় এবং এর মধ্যে নির্বাচনী আচরণবিধি জারি হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। ফেব্রুয়ারিতেই এই অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও তা বাস্তবায়িত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট মহলের একাংশ। বর্তমানে ভোটের ডামাডোলে বিশ্বভারতীর এই প্রাচীন ঐতিহ্যবাহী সমাবর্তন অনুষ্ঠানটি আদৌ কবে অনুষ্ঠিত হবে, তা নিয়ে তৈরি হয়েছে গভীর ধোঁয়াশা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *