রেল বরাদ্দে বঞ্চনার অভিযোগ: সংসদে কেন্দ্রের নীতিকে তীব্র আক্রমণ জুন মালিয়ার

লোকসভায় রেল মন্ত্রকের বাজেট বরাদ্দের আলোচনায় কেন্দ্রীয় সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন মেদিনীপুরের তৃণমূল সাংসদ জুন মালিয়া। সোমবার তিনি অভিযোগ করেন, ভারতীয় রেল দেশের জীবনরেখা হওয়া সত্ত্বেও উন্নয়ন ও পরিষেবা বন্টনে চরম বৈষম্য করা হচ্ছে। বড় বড় ঘোষণার বদলে বাস্তব কাজের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করাই সরকারের প্রকৃত দায়িত্ব হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।
সাংসদ জুন মালিয়া তথ্য তুলে ধরে জানান, গুজরাত বা উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলোতে রেল প্রকল্প দ্রুত গতিতে এগোলেও পশ্চিমবঙ্গকে কার্যত অবহেলার শিকার হতে হচ্ছে। অন্য রাজ্যে বরাদ্দ বহুগুণ বাড়লেও বাংলায় তা যৎসামান্য। তাঁর দাবি, অমৃত ভারত প্রকল্পে রাজ্যের ১০১টি স্টেশন অনুমোদিত হলেও কাজ শেষ হয়েছে মাত্র তিনটিতে। এমনকি যাত্রী সুরক্ষায় ‘কবচ’ ব্যবস্থার প্রয়োগও এখানে অত্যন্ত নগণ্য।
রেলমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানার তুলনা টেনে জুন বর্তমান রেল নীতির সমালোচনা করেন। তিনি জঙ্গলমহলের হাতি করিডরে রেল দুর্ঘটনা রুখতে বিশেষ নিরাপত্তা এবং প্রবীণ নাগরিক ও সাংবাদিকদের টিকিটে ছাড় পুনরায় চালুর দাবি জানান। রাজ্যের সড়ক ও স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতির উদাহরণ দিয়ে তিনি কেন্দ্রীয় রেল প্রকল্পগুলোর মন্থর গতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।