কালীগঞ্জে তামান্নার মাকে প্রার্থী করায় ক্ষোভ, সিপিএম কার্যালয়ে ব্যাপক ভাঙচুর

কালীগঞ্জে তামান্নার মাকে প্রার্থী করায় ক্ষোভ, সিপিএম কার্যালয়ে ব্যাপক ভাঙচুর

নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে নিহত নাবালিকা তামান্না খাতুনের মা সাবিনা ইয়াসমিনকে প্রার্থী ঘোষণা করায় সিপিএমের অন্দরে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। সোমবার বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু প্রার্থী হিসেবে সাবিনার নাম ঘোষণা করার পর থেকেই স্থানীয় স্তরে ক্ষোভ দানা বাঁধতে শুরু করে। কর্মীদের একাংশের অভিযোগ, সাবিনা ইয়াসমিন দলের সংগঠনের সঙ্গে যুক্ত নন এবং নিচুতলার কর্মীদের সঙ্গে তাঁর কোনো নিয়মিত যোগাযোগ নেই।

এই সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গলবার সকালে উত্তপ্ত হয়ে ওঠে কালীগঞ্জ এলাকা। বিক্ষুব্ধ সিপিএম কর্মীরা স্থানীয় দলীয় কার্যালয়ে চড়াও হয়ে ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ। প্রত্যক্ষদর্শীদের মতে, অফিসের চেয়ার-টেবিল ভাঙচুর করে কার্যত তাণ্ডব চালানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় পুলিশি টহল জারি করা হয়েছে।

২০২৫ সালে রাজনৈতিক সংঘর্ষ ও বোমাবাজিতে ৯ বছরের তামান্নার মৃত্যু ঘিরে রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছিল। সেই শোককে শক্তিতে পরিণত করতে সিপিএম সাবিনাকে নির্বাচনী ময়দানে নামালেও, ঘরের লড়াই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নিজের দলের কর্মীদের এই প্রবল বিরোধিতার বিষয়ে প্রার্থী সাবিনা ইয়াসমিনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *