কাবুলের হাসপাতালে পাক হামলাকে ‘গণহত্যা’ আখ্যা দিয়ে কড়া নিন্দা ভারতের

কাবুলের একটি হাসপাতালে পাকিস্তানের ভয়াবহ বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারতের বিদেশমন্ত্রক। সোমবার রাতের এই হামলায় অন্তত ৪০০ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ২৫০ জন। নয়াদিল্লি এই আক্রমণকে ‘বিবেকহীন’ এবং ‘সামরিক অভিযানের নামে গণহত্যা’ বলে অভিহিত করেছে। হাসপাতালের মতো অসামরিক স্থানে এমন হামলা আফগানিস্তানের সার্বভৌমত্বের ওপর চরম আঘাত বলে মনে করছে ভারত।
পবিত্র রমজান মাসে শান্তি ও সহমর্মিতার আদর্শকে অগ্রাহ্য করে এই হামলা চালানোয় গভীর ক্ষোভ প্রকাশ করেছে ভারত। বিদেশমন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, অভ্যন্তরীণ সমস্যা থেকে নজর ঘোরাতেই পাকিস্তান বারবার প্রতিবেশী রাষ্ট্রে এমন নক্কারজনক হামলা চালাচ্ছে। উল্লেখ্য, ২ হাজার শয্যাবিশিষ্ট ওই হাসপাতালটি মূলত একটি নেশামুক্তি কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো, যা পাক বায়ুসেনার হানায় কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
সাম্প্রতিক সময়ে ‘অপারেশন সিঁদুর’ এবং ভূমিকম্প পরবর্তী ত্রাণ সহায়তার মাধ্যমে ভারত ও আফগানিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক অভাবনীয় দৃঢ় হয়েছে। আন্তর্জাতিক মহলে কাবুলের পাশে দাঁড়িয়ে নয়াদিল্লি বারবার পাকিস্তানের আগ্রাসী নীতির বিরোধিতা করেছে। পাকিস্তান এই হামলাকে জঙ্গি দমনের অংশ হিসেবে দাবি করলেও, ভারত একে অমানবিক হিসেবে বর্ণনা করে বিশ্বমঞ্চে ইসলামাবাদের কড়া সমালোচনা করেছে।