প্রার্থী তালিকায় অসন্তোষ: বামফ্রন্টে ফাটল চওড়া করে বিমান বসুকে কড়া চিঠি ফরওয়ার্ড ব্লকের

প্রার্থী তালিকায় অসন্তোষ: বামফ্রন্টে ফাটল চওড়া করে বিমান বসুকে কড়া চিঠি ফরওয়ার্ড ব্লকের

২০২৬ বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বামফ্রন্টের অন্দরে তীব্র কোন্দল প্রকাশ্যে এল। আসন রফা নিয়ে ক্ষোভ উগরে দিয়ে ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে কড়া চিঠি পাঠিয়েছেন অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের সাধারণ সম্পাদক নরেন চট্টোপাধ্যায়। উত্তর কলকাতার শ্যামপুকুর-সহ একাধিক আসনে প্রার্থী ঘোষণা না করা এবং ফব-র দাবি করা আসনে সিপিএমের একতরফা প্রার্থী দেওয়ার অভিযোগেই এই সংঘাত।

নরেন চট্টোপাধ্যায়ের দাবি, দ্বিপাক্ষিক আলোচনায় ফরওয়ার্ড ব্লককে ২২টি আসন ছাড়ার কথা হয়েছিল। কিন্তু ফ্রন্টের ঘোষিত তালিকায় দেখা যাচ্ছে, কোচবিহার উত্তর, জলপাইগুড়ি, হরিশচন্দ্রপুর এবং গলসির মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলিতে ফব-র দাবি উপেক্ষা করে সিপিএম নিজেদের প্রার্থী দিয়েছে। চিঠিতে স্পষ্ট জানানো হয়েছে, এই কেন্দ্রগুলিতে দীর্ঘ আন্দোলনের ইতিহাস রয়েছে ফরওয়ার্ড ব্লকের, তাই কোনওভাবেই এই আসনগুলি ছাড়া সম্ভব নয়।

নির্বাচন কমিশন ভোট ঘোষণার পরপরই ১৯২টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করে বামফ্রন্ট বড় চমক দিতে চেয়েছিল। কিন্তু শরিকি কোন্দলে সেই ঐক্যের দেওয়ালে এখন বড়সড় চিড়। ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব সাফ জানিয়েছেন, এই সিদ্ধান্ত অবিলম্বে পুনর্বিবেচনা করতে হবে। ভোটের ময়দানে নামার আগেই বাম শিবিরের এই ‘জট’ রাজনৈতিক মহলে ফ্রন্টের ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন তুলে দিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *