রাশিয়ায় চিকিৎসাধীন মোজতবা খামেনেই! ইরানের নতুন সুপ্রিম লিডারকে বাঁচাতে তৎপর পুতিন

আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলায় গুরুতর আহত ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনেই বর্তমানে রাশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন বলে দাবি করেছে কুয়েতি সংবাদপত্র ‘আল-জারিদা’। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে খামেনেইয়ের দপ্তরে ভয়াবহ বোমাবর্ষণে তিনি আহত হন। ওই হামলায় খামেনেইসহ তাঁর পরিবারের বেশ কয়েকজন সদস্য নিহত হলেও মোজতবা অল্পের জন্য রক্ষা পান।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্যক্তিগতভাবে মোজতবাকে রাশিয়ায় এনে চিকিৎসা করানোর প্রস্তাব দিয়েছেন বলে জানা গেছে। গত বৃহস্পতিবার একটি রুশ যুদ্ধবিমানে করে তাঁকে মস্কোতে উড়িয়ে নিয়ে যাওয়া হয়। এই বিষয়ে ক্রেমলিনের পক্ষ থেকে সরাসরি কোনো স্বীকৃতি না মিললেও পুতিনের প্রেস সচিব দিমিত্রি পেসকভ বিষয়টি অস্বীকার করেননি।
অন্যদিকে, ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’ দাবি করেছে যে মোজতবা বর্তমানে কোমায় রয়েছেন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন যে ইরানের এই শীর্ষ নেতা বেঁচে আছেন, যদিও তিনি আহত। বর্তমানে মোজতবার শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক জল্পনা শুরু হয়েছে এবং পুতিনের এই সক্রিয় ভূমিকা নতুন ভূ-রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।