ভোটের মুখে রাজ্যে বড়সড় রদবদল: একাধিক জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ কমিশনের

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে প্রশাসনিক তৎপরতা বাড়িয়ে রাজ্যে বড়সড় পুলিশি রদবদল করল নির্বাচন কমিশন। মঙ্গলবার জারি করা নির্দেশিকা অনুযায়ী, বারাসাত, কোচবিহার, বীরভূম, ইসলামপুর, হুগলি গ্রামীণ এবং ডায়মন্ড হারবার পুলিশ জেলায় নতুন এসপি নিয়োগ করা হয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট পরিচালনা নিশ্চিত করতেই কমিশনের এই পদক্ষেপ।
বিজ্ঞপ্তি অনুসারে, সূর্য প্রতাপ যাদবকে বারাসাত এবং রাকেশ সিংকে কোচবিহারের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও কুমার সানি রাজ বীরভূমে, ঈশানী পাল ইসলামপুরে এবং পুষ্পা হুগলি গ্রামীণের এসপি পদে আসছেন। কলকাতা পুলিশের সেন্ট্রাল ডিভিশনের ডিসি হিসেবে ইয়েলওয়াড় শ্রীকান্ত জগন্নাথরাও এবং পশ্চিম মেদিনীপুরের এসপি পদে পাপিয়া সুলতানাকে নিয়োগ করা হয়েছে।
এর আগে সোমবারই রাজ্যের ডিজি ও কলকাতা পুলিশ কমিশনার পদে পরিবর্তন এনেছিল কমিশন। আগামী ২৩ এবং ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গে দুই দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ধারাবাহিকভাবে এই প্রশাসনিক রদবদল প্রক্রিয়া চালাচ্ছে নির্বাচন কমিশন।