টিকিট না পেয়ে রাজনীতি থেকে সন্ন্যাস নিলেন চুঁচুড়ার বিদায়ী বিধায়ক অসিত মজুমদার

টিকিট না পেয়ে রাজনীতি থেকে সন্ন্যাস নিলেন চুঁচুড়ার বিদায়ী বিধায়ক অসিত মজুমদার

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর তীব্র অভিমানে রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন চুঁচুড়ার টানা তিনবারের বিদায়ী বিধায়ক অসিত মজুমদার। এবার তাঁর কেন্দ্র থেকে ঘাসফুল শিবিরের টিকিট দেওয়া হয়েছে তরুণ নেতা দেবাংশু ভট্টাচার্যকে। ২০১১ সাল থেকে ধারাবাহিকভাবে জয়ী হওয়া সত্ত্বেও দলের এই সিদ্ধান্তে ব্যথিত অসিতবাবু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি আর রাজনীতির আঙিনায় থাকতে চান না।

প্রার্থী হিসেবে নাম বাদ পড়ায় আক্ষেপ প্রকাশ করে বিদায়ী বিধায়ক বলেন, বাম আমলে কঠিন লড়াই করে জয়ী হলেও দলের সুসময়ে তাঁকে বাতিলের খাতায় রাখা হলো। তাঁর দাবি, অনুগামী ও সাধারণ মানুষ এই সিদ্ধান্তে মর্মাহত। তৃণমূল নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানিয়েও তিনি প্রশ্ন তোলেন, কেন তাঁকে বা তাঁর মতো অভিজ্ঞ নেতাদের সঙ্গে আগে আলোচনা করা হলো না।

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অসিত মজুমদার জানান, এখন থেকে বই পড়া ও ক্লাবের কাজে সময় দেবেন। প্রয়োজনে আইন পেশায় ফিরে ওকালতি শুরু করবেন বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। দলের প্রতি ক্ষোভ উগরে দিয়ে তিনি স্পষ্ট করেন, রাজনৈতিক জীবন থেকে তিনি আপাতত দীর্ঘ বিশ্রামে যাচ্ছেন এবং পরিবারের সঙ্গে আলোচনা করেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *