চিকিৎসাধীন রোগীদের ওপর বোমাবর্ষণ—আফগানিস্তানে পাকিস্তানকে ঘিরে তীব্র নিন্দা ভারতের

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি হাসপাতালে সোমবার রাতে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। ২০০০ শয্যার ওই মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে আকাশপথের এই হামলায় অন্তত ৪০০ জন নিহত এবং ২৫০ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে তালিবান সরকার। স্থানীয় সময় রাত ৯টা নাগাদ হওয়া এই হামলায় হাসপাতালের একটি বড় অংশ সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একে ‘বর্বরোচিত গণহত্যা’ বলে অভিহিত করেছে ভারত। নয়াদিল্লির পক্ষ থেকে জানানো হয়েছে, পবিত্র রমজান মাসে চিকিৎসাধীন রোগীদের ওপর এই কাপুরুষোচিত হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পাকিস্তান একে ‘সামরিক অভিযান’ বলে দাবি করলেও ভারত একে সাধারণ নাগরিকদের ওপর পরিকল্পিত আক্রমণ এবং আফগানিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে চিহ্নিত করেছে।
বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই হামলা ওই অঞ্চলের শান্তি ও স্থিতাবস্থার জন্য চরম উদ্বেগজনক। পাকিস্তান নিজেদের অভ্যন্তরীণ ব্যর্থতা ঢাকতেই প্রতিবেশী দেশে এমন আগ্রাসন চালাচ্ছে বলে দাবি ভারতের। নিহত ও আহতদের মধ্যে অধিকাংশ রোগী এবং সাধারণ নাগরিক থাকায় আন্তর্জাতিক মহলে পাকিস্তানের এই বেপরোয়া আচরণের বিরুদ্ধে সরব হয়েছে নয়াদিল্লি।