বিধাননগরে তৃণমূলের হেভিওয়েট ত্রয়ীতেই আস্থা: প্রার্থী ঘোষণা হতেই প্রচারে সুজিত-অদিতি-তাপস

বিধাননগর, রাজারহাট-গোপালপুর ও রাজারহাট-নিউটাউন বিধানসভা কেন্দ্রে জয়ের ধারা বজায় রাখতে পুরনো মুখেই ভরসা রাখল তৃণমূল কংগ্রেস। বিধাননগর থেকে টানা চতুর্থবার প্রার্থী হচ্ছেন মন্ত্রী সুজিত বসু। অন্যদিকে, রাজারহাট-গোপালপুর থেকে সঙ্গীতশিল্পী অদিতি মুন্সি এবং রাজারহাট-নিউটাউন থেকে দক্ষ সংগঠক তাপস চট্টোপাধ্যায়কে দ্বিতীয়বারের জন্য নির্বাচনী ময়দানে নামাল দল। মঙ্গলবার বিকেলে প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই উত্তর ২৪ পরগনার এই তিন এলাকায় খুশির হাওয়া ছড়িয়ে পড়ে।
দলীয় টিকিট নিশ্চিত হতেই এলাকায় এলাকায় শুরু হয়েছে দেওয়াল লিখন ও বিজয় মিছিল। সল্টলেকের দত্তাবাদ এলাকায় সুজিত বসুর সমর্থনে বড়সড় মিছিল বের করেন তৃণমূল কর্মীরা, যেখানে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। একইভাবে রাজারহাট-গোপালপুরেও রাতভর চলেছে দেওয়াল লিখনের কাজ। প্রার্থীরা ঘরের মানুষ হওয়ায় কর্মীদের মধ্যে বাড়তি উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে, যা ভোটের লড়াইয়ে শাসক শিবিরকে অক্সিজেন দিচ্ছে।
রাজারহাট-নিউটাউনের প্রার্থী তাপস চট্টোপাধ্যায় নিজেই হাতে রং-তুলি নিয়ে দেওয়াল লিখতে রাস্তায় নামেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মেয়ে তথা মেয়র পারিষদ আরাত্রিকা ভট্টাচার্য এবং কয়েকশো দলীয় সমর্থক। আনুষ্ঠানিক ঘোষণা হতেই তিন কেন্দ্রেই কোমর বেঁধে প্রচারে নেমে পড়েছেন তৃণমূল প্রার্থীরা। ঘাসফুল শিবিরের বিশ্বাস, গত কয়েক বছরের উন্নয়নমূলক কর্মকাণ্ডের জেরেই মানুষ পুনরায় এই পরিচিত মুখগুলির ওপরই আস্থা রাখবেন।