মালদহে তৃণমূলের বাজি নারীশক্তি, প্রার্থী তালিকায় ব্রাত্য বিজেপি ও বামেরা

মালদহে তৃণমূলের বাজি নারীশক্তি, প্রার্থী তালিকায় ব্রাত্য বিজেপি ও বামেরা

মালদহ জেলার ১২টি বিধানসভা আসনের নির্বাচনে প্রার্থী ঘোষণায় চমক দিল তৃণমূল কংগ্রেস। দলের পক্ষ থেকে মোট আসনের এক-তৃতীয়াংশ বা ৩৩.৩৩ শতাংশ ক্ষেত্রে মহিলা প্রার্থীদের ওপর ভরসা রাখা হয়েছে। বৈষ্ণবনগর, সুজাপুর, মালদহ এবং মানিকচক— এই চারটি কেন্দ্রে নারী মুখ তুলে ধরেছে শাসকদল। মানিকচকে বিদায়ী বিধায়ক সাবিত্রী মিত্রের পরিবর্তে কবিতা মণ্ডলকে প্রার্থী করে নারীশক্তিতে আস্থার বার্তা দিয়েছে জেলা নেতৃত্ব।

বিপরীত মেরুতে, বিজেপির ঘোষিত ৯টি আসনের তালিকায় এখনও কোনো মহিলা প্রার্থীর নাম নেই। একই চিত্র বামফ্রন্টের ক্ষেত্রেও; তাদের ঘোষিত ৮টি আসনের একটিতেও মহিলা মুখ স্থান পায়নি। কংগ্রেস এখনও জেলায় প্রার্থী তালিকা প্রকাশ করেনি। এই পরিস্থিতির প্রেক্ষিতে তৃণমূলের দাবি, তারা কেবল নারীমুক্তির কথা বলে না, রাজনীতির আঙিনায় তার বাস্তব প্রয়োগও করে। তৃণমূল নেত্রী চৈতালি সরকার জানিয়েছেন, শীর্ষ নেতৃত্বের আদর্শেই মহিলাদের সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে।

তৃণমূলের এই কৌশলকে তীব্র কটাক্ষ করেছে বিরোধী শিবির। বিজেপি জেলা সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় পাল্টা অভিযোগে জানান, রাজ্যে নারী নির্যাতনের ঘটনা আড়াল করতেই এই পদক্ষেপ। অন্যদিকে, বামফ্রন্টের জেলা আহ্বায়ক কৌশিক মিশ্রের দাবি, তণমূলের নারীশক্তি নিয়ে কথা বলার নৈতিক অধিকার নেই। বিরোধীদের মতে, যোগ্যতার ভিত্তিতেই তারা প্রার্থী চয়ন করছেন, যেখানে লিঙ্গবৈষম্যের কোনো স্থান নেই। মালদহের রাজনৈতিক লড়াইয়ে এখন এই প্রার্থী তালিকা ঘিরেই তুঙ্গে উঠেছে তরজা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *