আইপিএল ২০২৬: তারকাখচিত মুম্বই ইন্ডিয়ান্সে প্রথম একাদশ বাছাইয়ের ‘মধুর সমস্যা’

আইপিএল ২০২৬: তারকাখচিত মুম্বই ইন্ডিয়ান্সে প্রথম একাদশ বাছাইয়ের ‘মধুর সমস্যা’

আগামী ২৯ মার্চ ওয়াংখেড়ে স্টেডিয়ামে কলকাতার বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএল অভিযান শুরু করছে মুম্বই ইন্ডিয়ান্স। সদ্যসমাপ্ত টি২০ বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে থাকা দেশি-বিদেশি তারকাদের ভিড়ে এখন প্রথম একাদশ সাজানোই বড় চ্যালেঞ্জ হার্দিক পাণ্ড্যর দলের কাছে। রোহিত শর্মার সঙ্গে ওপেনিংয়ে কুইন্টন ডি’ককের সম্ভাবনা প্রবল হলেও রায়ান রিকলটনের মতো বিকল্পও হাতে রয়েছে। মাঝপথে সূর্যকুমার যাদব, তিলক বর্মা ও অধিনায়ক হার্দিক ব্যাটিং বিভাগের মূল স্তম্ভ হতে চলেছেন।

অলরাউন্ডার বিভাগে উইল জ্যাকস, মিচেল স্যান্টনার বা করবিন বশের মতো ফর্মে থাকা খেলোয়াড়দের মধ্যে থেকে বিদেশি কোটা পূরণ করতে হবে কোচ মাহেলা জয়বর্ধনেকে। বোলিং বিভাগে জসপ্রীত বুমরাহ ও ট্রেন্ট বোল্টের অভিজ্ঞ পেস জুটি প্রতিপক্ষের জন্য বড় ত্রাস। সঙ্গে থাকছেন দীপক চাহার ও স্পিনার ময়াঙ্ক মারকাণ্ডে। তবে রিজার্ভ বেঞ্চে শার্দূল ঠাকুর বা শেরফিন রাদারফোর্ডের মতো ক্রিকেটাররা থাকায় দল নির্বাচনের ক্ষেত্রে ‘অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট’ হওয়ার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না বিশেষজ্ঞ মহল।

টি২০ বিশ্বকাপের রেশ কাটতে না কাটতেই হার্দিক পাণ্ড্যর নেতৃত্বে মুম্বই এবার অন্যতম ফেভারিট হিসেবে মাঠে নামছে। তবে তারকার মেলায় সঠিক ভারসাম্য খুঁজে বের করাই হবে তাদের সাফল্যের আসল চাবিকাঠি। ২৮ মার্চ আরসিবি বনাম হায়দরাবাদ ম্যাচ দিয়ে টুর্নামেন্টের বোধন হলেও ক্রিকেটপ্রেমীদের নজর এখন ওয়াংখেড়েতে মুম্বইয়ের প্রথম একাদশের দিকে। গতবারের চ্যাম্পিয়ন আরসিবির চিন্নাস্বামীতে উদ্বোধনী ম্যাচের পরেই শুরু হবে পাঁচবারের জয়ী মুম্বইয়ের এই কঠিন লড়াই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *