নির্বাচনের মুখে তৃণমূলে বড় চমক দিয়ে যোগ দিলেন শিবশঙ্কর পালসহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব

রাজ্য বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পরেই শাসক শিবিরে যোগদানের বড়সড় ধামাকা লক্ষ্য করা গেল। মঙ্গলবার বিকেলে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশের ঠিক কয়েক ঘণ্টা আগে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বাংলার প্রাক্তন তারকা পেসার শিবশঙ্কর পাল। তৃণমূল ভবনে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও পার্থ ভৌমিকের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ঘাসফুল শিবিরের পতাকা হাতে তুলে নেন তিনি। একইসঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ তনুশ্রী হাঁসদা এবং মুহম্মদ আব্দুল মতিনও মমতার উন্নয়ন যজ্ঞে শামিল হতে শাসক দলে নাম লিখিয়েছেন।
ক্রীড়াজগতের পাশাপাশি আইনি ও রাজনৈতিক মহলেও তৃণমূলের শক্তি বৃদ্ধি পেয়েছে। ঝাড়গ্রামে বিশিষ্ট আইনবিদ মঙ্গল সোরেন যেমন দলে যোগ দিয়েছেন, তেমনই বসিরহাটে দীপেন্দু বিশ্বাসের হাত ধরে বিরোধী শিবিরের ২৭ জন জনপ্রতিনিধি তৃণমূলে শামিল হয়েছেন। কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা এবং সিপিএমের প্রতীক উর রহমানের মতো পরিচিত মুখেরা আসায় দলের ভিত আরও মজবুত হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। এখন দেখার বিষয়, এই নতুন মুখদের মধ্যে থেকে কজন আজকের প্রকাশিতব্য চূড়ান্ত প্রার্থী তালিকায় জায়গা করে নিতে সক্ষম হন।