যুদ্ধবিরোধী অবস্থানের ডাক ট্রাম্পের গোয়েন্দা প্রধান জো কেন্টের নাটকীয় পদত্যাগ

ইরান ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নীতির কড়া বিরোধিতা করে ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টারের প্রধান পদ থেকে ইস্তফা দিলেন জো কেন্ট। মঙ্গলবার সামাজিক মাধ্যমে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি বলেন, বর্তমান যুদ্ধ পরিস্থিতি নৈতিকভাবে সমর্থনযোগ্য নয়। কেন্টের দাবি, ইরান যুক্তরাষ্ট্রের জন্য কোনো তাৎক্ষণিক হুমকি ছিল না, বরং নির্দিষ্ট কিছু গোষ্ঠীর চাপে এই সংঘাত শুরু হয়েছে।
সাবেক এই বিশেষ বাহিনীর সদস্য ট্রাম্পকে লেখা চিঠিতে জানান, তিনি প্রেসিডেন্টের পূর্ববর্তী নীতিগুলোর সমর্থক হলেও ইরানে সামরিক অভিযানের সিদ্ধান্তের সঙ্গে একমত নন। ওভাল অফিসে ট্রাম্পের সাম্প্রতিক যুদ্ধংদেহী মন্তব্যের পরেই এই পদত্যাগের ঘটনা ঘটল। কেন্ট ট্রাম্পকে তাঁর এই রণকৌশল পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।
৫২-৪৪ ভোটে সিনেটে অনুমোদিত কেন্টের এই প্রস্থান ওয়াশিংটনের রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছে। অতীতে সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থায় অভিজ্ঞতাসম্পন্ন এই কর্মকর্তার সরে দাঁড়ানোয় মধ্যপ্রাচ্যে মার্কিন পররাষ্ট্রনীতির যৌক্তিকতা নিয়ে নতুন করে বিতর্ক দানা বাঁধছে। এই পদত্যাগ ইরান-আমেরিকা চলমান উত্তজনাপূর্ণ পরিস্থিতিতে প্রশাসনের অভ্যন্তরে গভীর ফাটলকেই স্পষ্ট করে তুলল।