ক্রস ভোটিংয়ে কড়া পদক্ষেপ কংগ্রেসের, ওড়িশায় ৩ বিধায়ক বহিষ্কৃত, অস্বস্তিতে হরিয়ানা

ক্রস ভোটিংয়ে কড়া পদক্ষেপ কংগ্রেসের, ওড়িশায় ৩ বিধায়ক বহিষ্কৃত, অস্বস্তিতে হরিয়ানা

রাজ্যসভা নির্বাচনে দলবিরোধী কাজের অভিযোগে ওড়িশার ৩ কংগ্রেস বিধায়ককে বহিষ্কার করল হাত শিবির। গত ১৬ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী দিলীপ রায়কে ভোট দেওয়ার অপরাধে রমেশ জেনা, দশরথী গোমাঙ্গ এবং সোফিয়া ফিরদৌসকে দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। একইসঙ্গে সংবিধানের দশম তফসিল অনুযায়ী তাঁদের বিধায়ক পদ খারিজের দাবিতে বিধানসভার স্পিকারকে চিঠি দিয়েছে ওড়িশা প্রদেশ কংগ্রেস।

পেশাদার তদন্তের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কংগ্রেস মুখপাত্র অরবিন্দ দাস। দলের প্রদেশ সভাপতি ভক্তচরণ দাসের মতে, এই চরম পদক্ষেপ বাকিদের জন্য কড়া বার্তা। ওড়িশায় কংগ্রেস ও বিজেডি সমর্থিত প্রার্থীর পরাজয়ের নেপথ্যে এই ক্রস ভোটিংকেই দায়ী করছে দল। তিন বিধায়কের এই আচরণকে সরাসরি বিশ্বাসঘাতকতা হিসেবে দেখছে হাইকম্যান্ড।

অন্যদিকে, হরিয়ানাতেও ক্রস ভোটিংয়ের জেরে চাঞ্চল্য ছড়িয়েছে। সেখানে ৫ বিধায়ককে শোকজ নোটিস পাঠানোর প্রক্রিয়া শুরু হতেই পদত্যাগ করেছেন প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি রামকিশাণ গুজ্জর। তাঁর স্ত্রী তথা বিধায়ক শৈলী চৌধুরীও দল ছাড়তে পারেন বলে জল্পনা তুঙ্গে। দুই রাজ্যেই রাজ্যসভা নির্বাচনকে কেন্দ্র করে কংগ্রেসের অন্দরে বড়সড় ফাটল ও বিশৃঙ্খলা প্রকাশ্যে এল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *