মার্কিন রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ডে ভয়াবহ অগ্নিকাণ্ড বিপাকে ৪ হাজার ৫০০ নৌসেনা

আমেরিকার সর্বাধুনিক ও বিশালাকৃতির বিমানবাহী রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত সপ্তাহে লোহিত সাগরে মোতায়েন থাকা এই রণতরীতে প্রায় ৩০ ঘণ্টা ধরে আগুন জ্বলে। যান্ত্রিক ত্রুটির কারণে কাপড় ধোয়ার ড্রায়ার থেকে আগুনের সূত্রপাত হয়ে তা ভেন্টিলেশন পাইপের মাধ্যমে ছড়িয়ে পড়ে বলে জানা গেছে। মার্কিন নৌবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দাবি করলেও ধোঁয়ার কারণে বেশ কয়েকজন নৌসেনা অসুস্থ হয়ে পড়েছেন।
১৩ বিলিয়ন ডলার মূল্যের এই রণতরীতে বর্তমানে প্রায় ৪ হাজার ৫০০ জন ক্রু ও সেনা রয়েছেন। অগ্নিকাণ্ডের ফলে অন্তত ৬০০ জন নাবিক তাদের থাকার জায়গা হারিয়েছেন, যাদের এখন মেঝেবে কুঁকড়ে রাত কাটাতে হচ্ছে। লন্ড্রি পুড়ে যাওয়ায় পোশাক পরিষ্কারের সুযোগ বন্ধ হয়ে গেছে এবং দীর্ঘ ১০ মাস ধরে মোতায়েন থাকায় জাহাজে শৌচাগার সমস্যাও প্রকট আকার ধারণ করেছে। এর ফলে প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন মার্কিন সেনারা।
মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের চলমান উত্তেজনার মধ্যেই ১ লক্ষ টন ওজনের এই রণতরীটি কৌশলগত কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে মার্কিন নৌবাহিনী জানিয়েছে, এই অগ্নিকাণ্ড কোনো যুদ্ধের কারণে ঘটেনি এবং এতে রণতরীর সামরিক কার্যক্রমে কোনো বড় ধরনের ব্যাঘাত সৃষ্টি হয়নি। ভিয়েতনাম যুদ্ধের পর এই প্রথম কোনো মার্কিন রণতরীকে এত দীর্ঘ সময়ের জন্য মোতায়েন করে রাখা হচ্ছে, যা সেনাদের শারীরিক ও মানসিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।