ইসরায়েলি বিমান হামলায় নিহত ইরানের শীর্ষ নিরাপত্তা প্রধান আলি লারিজানি

মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনার আবহে ইসরায়েলি বিমান হামলায় ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলি লারিজানির মৃত্যু হয়েছে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এই খবরের সত্যতা নিশ্চিত করেছে। গত গভীর রাতে তেহরানে পরিচালিত এই অভিযানে লারিজানি ছাড়াও তার পুত্র মোর্তজা, বাসিজ বাহিনীর শীর্ষ কমান্ডার গোলামরেজা সোলেমানি এবং নিরাপত্তা দপ্তরের প্রধান আলিরেজা বায়াত নিহত হয়েছেন।
ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (IDF)-এর চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির এই অভিযানকে ‘গুরুত্বপূর্ণ সাফল্য’ হিসেবে অভিহিত করেছেন। মার্কিন ও ইসরায়েলি যৌথ বাহিনীর এই হামলায় লারিজানির বেশ কয়েকজন দেহরক্ষীও প্রাণ হারিয়েছেন। উল্লেখ্য, সম্প্রতি লারিজানি আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের অবিচল লড়াইয়ের বার্তা দিয়েছিলেন এবং মার্কিন সামরিক ঘাঁটির উপস্থিতির কড়া সমালোচনা করেছিলেন।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুর পর লারিজানির এই প্রয়াণ দেশটির জন্য বড় ধাক্কা। লারিজানি-সহ ইরানের দশ শীর্ষ নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা করার কয়েক ঘণ্টার মধ্যেই এই এয়ারস্ট্রাইক চালানো হয়। শুক্রবার কুদস দিবসের মিছিলে শেষবার জনসমক্ষে আসা এই নেতার মৃত্যুতে ওই অঞ্চলে ভূ-রাজনৈতিক অস্থিরতা আরও বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে।