টিকিট না পেয়ে নির্দল হিসেবে লড়ার হুঁশিয়ারি মনিরুলের, উত্তপ্ত ফরাক্কার রাজনীতি

টিকিট না পেয়ে নির্দল হিসেবে লড়ার হুঁশিয়ারি মনিরুলের, উত্তপ্ত ফরাক্কার রাজনীতি

আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা থেকে বাদ পড়ায় ফরাক্কায় রাজনৈতিক পারদ চড়ালেন বিদায়ী বিধায়ক মনিরুল ইসলাম। মঙ্গলবার ফরাক্কা এমএলএ ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি দলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন। মনিরুলের দাবি, বিডিও অফিসের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সরব হওয়ায় তাকে রাজনৈতিকভাবে ‘বলির পাঁঠা’ বানানো হয়েছে এবং এর জেরেই তাকে এবার দলীয় টিকিট দেওয়া হয়নি।

টিকিট না পেলেও নির্বাচনী ময়দান ছাড়তে নারাজ মনিরুল ইসলাম। তিনি স্পষ্ট জানিয়েছেন যে, আসন্ন নির্বাচনে তিনি প্রার্থী হিসেবে লড়াই করবেনই। তবে তিনি নির্দল হিসেবে লড়বেন নাকি অন্য কোনো রাজনৈতিক দলের হাত ধরবেন, তা নিয়ে এখনই মুখ খোলেননি। তার এই রহস্যময় অবস্থান ফরাক্কার রাজনৈতিক মহলে নতুন জল্পনার জন্ম দিয়েছে এবং আসন্ন লড়াইকে আরও নাটকীয় করে তুলেছে।

রাজনৈতিক সমীকরণকে আরও জটিল করে মনিরুল জানান, তার দাদা কৌসার আলীও এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে তিনি ফরাক্কা নয়, লড়াই করবেন সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে। একই পরিবারের দুই সদস্যের পৃথক দুটি কেন্দ্র থেকে লড়াইয়ের এই সিদ্ধান্ত এবং দলীয় টিকিট না পাওয়ার ক্ষোভ— সব মিলিয়ে ফরাক্কা ও সামশেরগঞ্জের নির্বাচনী লড়াই এবার যথেষ্ট উত্তপ্ত হতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *