অবশেষে প্রকাশ্যে এল রহস্যময় গ্রাফিতি শিল্পী ব্যাঙ্কসির আসল পরিচয়

অবশেষে প্রকাশ্যে এল রহস্যময় গ্রাফিতি শিল্পী ব্যাঙ্কসির আসল পরিচয়

দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে বিশ্বজুড়ে কৌতূহলের কেন্দ্রে থাকা গ্রাফিতি শিল্পী ‘ব্যাঙ্কসি’র প্রকৃত পরিচয় শেষ পর্যন্ত জনসমক্ষে এসেছে। ছদ্মনামের আড়ালে থাকা ৫১ বছর বয়সি এই শিল্পীর আসল নাম রবিন গানিংহ্যাম। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ২০০৮ সালে নিজের নাম পরিবর্তন করে তিনি অত্যন্ত সাধারণ নাম ‘ডেভিড জোন্স’ গ্রহণ করেছিলেন। মূলত নিজের নিরাপত্তা এবং ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতেই তিনি এই কৌশলের আশ্রয় নিয়েছিলেন বলে জানা গেছে।

২০২২ সালে ইউক্রেনের হোরেঙ্কা শহরের একটি ধ্বংসস্তূপে ম্যুরাল অঙ্কনকালিন কিছু সূত্র ধরে শিল্পীর পরিচয় খোঁজার অভিযান শুরু হয়। সেই সময় তিন ব্যক্তিকে একটি ম্যুরাল আঁকতে দেখা গিয়েছিল, যাদের মধ্যে একজন ছিলেন বিখ্যাত ফটোগ্রাফার জাইলস ডুলে। এই ঘটনার পর থেকেই ব্যাঙ্কসির আসল পরিচয় নিয়ে তদন্ত জোরদার হয় এবং বিভিন্ন সূত্র ধরে রবিন গানিংহ্যামের নাম সামনে আসে। তাঁর আঁকা ‘গার্ল উইথ বেলুন’-এর মতো শিল্পকর্ম বিশ্বজুড়ে ব্যাপক সমাদৃত।

ব্যাঙ্কসির আইনজীবী মার্ক স্টিফেন্স এক বিবৃতিতে জানিয়েছেন যে, এই শিল্পী অতীতে একাধিকবার চরমপন্থী আচরণ ও হুমকির শিকার হয়েছেন। সেই কারণেই এতদিন তাঁর পরিচয় কঠোরভাবে গোপন রাখা হয়েছিল। পরিচয় প্রকাশ পেলেও বিশ্ব শিল্পমহলে তাঁর কাজের গুরুত্ব ও জনপ্রিয়তা অপরিবর্তিত রয়েছে। উল্লেখ্য, পরিচয় লুকিয়ে রাখলেও তাঁর বিভিন্ন সৃজনশীল কাজ ইতিপূর্বে লক্ষ লক্ষ টাকায় বিক্রি হয়েছে এবং আন্তর্জাতিক শিল্পবোদ্ধাদের উচ্চ প্রশংসা কুড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *