ভোটের মুখে আসামে বড় ধাক্কা ইস্তফা দিলেন প্রবীণ কংগ্রেস সাংসদ প্রদ্যোৎ বরদলৈ

ভোটের মুখে অসমে বড় ধাক্কা ইস্তফা দিলেন প্রবীণ কংগ্রেস সাংসদ প্রদ্যোৎ বরদলৈ

আসাম বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বড়সড় ভাঙনের মুখে পড়ল কংগ্রেস। পদত্যাগ করলেন দলের প্রবীণ নেতা তথা লোকসভা সাংসদ প্রদ্যোৎ বরদলৈ। সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেকে লেখা চিঠিতে তিনি জানিয়েছেন, দলে লাগাতার আসাম্মানিত হওয়ার কারণেই এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। গত পঞ্চায়েত নির্বাচনে তাঁর ওপর হামলাকারীদের প্রতি দলের একাংশের নরম মনোভাব এবং অভিযুক্তদের সংবর্ধনা দেওয়ার ঘটনায় তিনি চরম ক্ষুব্ধ ছিলেন।

যদিও সাংসদ পদ থেকে তিনি এখনও ইস্তফা দেননি, তবে প্রদ্যোৎ বরদলৈয়ের দলত্যাগের চিঠি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়েছে। এই পরিস্থিতিতে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তাঁকে প্রকাশ্যেই বিজেপি শিবিরে স্বাগত জানিয়েছেন। অন্যদিকে, প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ ও এআইসিসি নেতা জিতেন্দ্র সিং ড্যামেজ কন্ট্রোলে নেমে দাবি করেছেন যে, প্রদ্যোৎ দলেই আছেন এবং এটি বিজেপির অপপ্রচার।

গত এক বছরে আসাম কংগ্রেসের দুজন প্রাক্তন রাজ্য সভাপতি দল ছাড়ায় এমনিতেই চাপে ছিল হাইকম্যান্ড। এবার প্রদ্যোৎ বরদলৈয়ের মতো প্রভাবশালী নেতার বিদায়ে নির্বাচনের আগে দলের শক্তিক্ষয় আরও ত্বরান্বিত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বর্তমানে সকলের নজর বুধবার কংগ্রেস সভাপতির পদক্ষেপের দিকে, যদিও একাধিক সূত্রের খবর অনুযায়ী এই প্রবীণ নেতা গেরুয়া শিবিরের দিকেই পা বাড়িয়ে রেখেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *