মধ্যপ্রাচ্যে উত্তেজনা: ধসে পড়ল শেয়ার বাজার, প্রায় ২০০০ পয়েন্ট পতন সেনসেক্সে

মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধির জেরে বৃহস্পতিবার বড়সড় ধসের মুখে পড়েছে ভারতীয় শেয়ার বাজার। টানা তিন দিন উত্থানের পর এদিন বাজার খুলতেই বিএসই (BSE) সেনসেক্স প্রায় ১,৯৫৩.২১ পয়েন্ট বা ২.৫৪ শতাংশ কমে ৭৪,৭৫০.৯২ স্তরে নেমে আসে। একইভাবে নিফটি-৫০ সূচকটিও ৫৮০.০৫ পয়েন্ট হারিয়ে ২৩,১৯৭.৭৫-এ লেনদেন শুরু করে। ইরান ও ইজরায়েলের মধ্যে ক্রমবর্ধমান সংঘাত বিশ্ববাজারে যে নেতিবাচক প্রভাব ফেলেছে, তার সরাসরি প্রতিফলন দেখা গেছে দালাল স্ট্রিটে।
বাজারের এই পতনে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাংকিং ক্ষেত্র। সেনসেক্সের অন্তর্ভুক্ত ৩০টি শেয়ারের সবকটিই এদিন লাল সঙ্কেতে যাত্রা শুরু করেছে, যার মধ্যে এইচডিএফসি ব্যাংকের শেয়ার দর প্রায় ৭.৯৪ শতাংশ পড়ে গিয়েছে। এছাড়া কোটাক ব্যাংক, এসবিআই এবং অ্যাক্সিস ব্যাংকের মতো বড় শেয়ারগুলোও ব্যাপক চাপের মুখে রয়েছে। মিডক্যাপ ও স্মলক্যাপ সূচকগুলোতেও উল্লেখযোগ্য পতন লক্ষ্য করা গেছে। এনএসইতে ২,১৯২টি শেয়ারের দরপতন হয়েছে, যা বাজারের সামগ্রিক অস্থিরতাকে স্পষ্ট করে তুলেছে।
বিদেশেী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের (FII) শেয়ার বিক্রির প্রবণতা এবং এশীয় বাজারের দুর্বল অবস্থান এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। জাপানের নিক্কেই ২২৫ এবং হংকংয়ের হ্যাং সেং সূচকেও বড় পতন দেখা গেছে। যদিও দেশীয় বিনিয়োগকারীরা (DII) শেয়ার কিনে বাজার কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করেছেন, তবে বিশ্বজুড়ে তেলের দাম বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির আশঙ্কায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। বর্তমান পরিস্থিতিতে বাজার কত দ্রুত ঘুরে দাঁড়াতে পারে, এখন সেদিকেই নজর বিশেষজ্ঞদের।