গঙ্গাকে উপার্জনের মাধ্যম বানানোর পরিণামেই অপবিত্রতা বাড়ছে দাবি শঙ্করাচার্যের
March 19, 20262:30 pm

বারাণসীতে গঙ্গার ঘাটে ইফতার পার্টি এবং সেখানে মাংস পরিবেশনের ঘটনায় তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন জ্যোতিষপীঠের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ। তিনি অভিযোগ করেন, গঙ্গাকে ‘মা’ নয় বরং ‘উপার্জনের উৎস’ হিসেবে ব্যবহার করায় এই ধরনের অনভিপ্রেত ঘটনা ঘটছে। ক্রুজ ও ভাসমান হোটেল ব্যবসার মাধ্যমে পবিত্র নদীকে বাণিজ্যিকীকরণের ফলে এর আধ্যাত্মিক পরিবেশ নষ্ট হচ্ছে বলে তিনি সরব হন।
শঙ্করাচার্য বর্তমান সরকারের তীব্র সমালোচনা করে একে সনাতন বিরোধী বলে অভিহিত করেন। উল্লেখ্য, গঙ্গার ঘাটে বিরিয়ানি খাওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশ ১৪ জন যুবককে গ্রেপ্তার করেছে। স্বামীজি বলেন, অর্থের লোভে নৌকায় গোপনীয়তা ও বিশৃঙ্খলার সুযোগ করে দেওয়ায় আজ এই দুরাবস্থা। গঙ্গার পবিত্রতা রক্ষায় একে ব্যবসার ঊর্ধ্বে রাখার আহ্বান জানান তিনি।