বোলপুর বিধানসভায় জোরকদমে প্রচার তহবিল খরচ নিয়ে শাসক-বিরোধী তরজায় তপ্ত রাজনৈতিক ময়দান

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত বোলপুর বিধানসভায় নির্বাচনের দামামা বাজতেই রাজনৈতিক পারদ তুঙ্গে উঠেছে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা বিদায়ী মন্ত্রী চন্দ্রনাথ সিংহের ওপর পুনরায় ভরসা রেখেছে দল। তবে প্রচারের মাঝেই বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের টাকা খরচ নিয়ে শুরু হয়েছে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে তীব্র বাকযুদ্ধ। প্রশাসনিক তথ্য অনুযায়ী, তহবিলের প্রায় ৫৫ শতাংশ টাকা এ যাবৎ ব্যয় হয়েছে।
বিরোধী দল বিজেপি ও সিপিএমের অভিযোগ, মন্ত্রীর অধীনে থেকেও উন্নয়ন তহবিলের বিশাল অংশ অব্যবহৃত পড়ে আছে এবং এলাকায় একাধিক গুরুত্বপূর্ণ পরিকাঠামো এখনও আসাম্পূর্ণ। বিশেষ করে ইলামবাজার-গোলটে সেতু নির্মাণ না হওয়া এবং শহরের যানজট সমস্যা নিয়ে স্থানীয়দের একাংশের মধ্যে ক্ষোভ রয়েছে। এছাড়া ইডি তদন্তের প্রসঙ্গ তুলে বিরোধীরা প্রার্থীর স্বচ্ছতা নিয়ে কটাক্ষ করেছেন।
পাল্টা জবাবে চন্দ্রনাথ সিংহ জানিয়েছেন, ইউটিলাইজেশন সার্টিফিকেটের আইনি প্রক্রিয়ার কারণে পরিসংখ্যানে দেরি হলেও বাস্তবে সিংহভাগ কাজ সম্পন্ন হয়েছে। তিনি ইলামবাজার ও বোলপুরের স্কুল, হাসপাতাল এবং কিষাণ মান্ডির পরিকাঠামো উন্নয়নের খতিয়ান তুলে ধরেন। উন্নয়নের ধারা বজায় রেখে আগামীতেও জয়ের ব্যাপারে তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী। এবার বোলপুরের ভোটাররা শেষ পর্যন্ত কার পক্ষে রায় দেবেন, সেটাই দেখার বিষয়।