কৃষ্ণনগরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘৮-০’ লক্ষ্য পূরণে মহুয়া মৈত্রের রণকৌশল

কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত আটটি বিধানসভা আসনেই জয়ের লক্ষ্যমাত্রা পূরণে কোমর বেঁধে নামল তৃণমূল কংগ্রেস। দলীয় সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বেঁধে দেওয়া ‘৮-০’ টার্গেট সফল করতে কৃষ্ণনগরে ব্লক নেতৃত্ব ও প্রার্থীদের নিয়ে বিশেষ বৈঠক করেন সাংসদ তথা জেলা সভাপতি মহুয়া মৈত্র। আগামী রবিবারের মধ্যে বুথস্তরে নিবিড় প্রচার শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। বড় সভার পরিবর্তে বাড়ি বাড়ি গিয়ে ছোট সভার মাধ্যমেই জনসংযোগে জোর দিচ্ছে ঘাসফুল শিবির।
বৈঠকে করিমপুরের প্রার্থী সোহম চক্রবর্তীসহ সাতজন প্রার্থী উপস্থিত ছিলেন। তবে নাকাশিপাড়ার প্রার্থী কল্লোল খাঁ ও কৃষ্ণনগর ২ ব্লকের সভাপতির অনুপস্থিতি এবং অভ্যন্তরীণ বাদানুবাদ ঘিরে কিছুটা চাঞ্চল্য ছড়ায়। এছাড়া জেলাজুড়ে লক্ষাধিক বিচারাধীন ভোটারের বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নেতৃত্ব। বুথভিত্তিক পূর্ণাঙ্গ ভোটার তালিকা না পৌঁছানোয় কতজন ভোট দিতে পারবেন, তা নিয়ে ব্লক স্তরে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়েছে।
২০২১ সালের নির্বাচনে এই সাংগঠনিক জেলায় ৭টি আসনে জয়লাভ করলেও এবার সবকটি আসন দখলের লক্ষ্য নিয়েছে শাসকদল। ধর্মীয় মেরুকরণ ও অভ্যন্তরীণ দ্বন্দ্বের মতো প্রতিকূলতা কাটিয়ে উঠতে প্রতিটি বিধানসভার শক্তি ও দুর্বলতা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা হয়। মহুয়া মৈত্র স্পষ্ট জানিয়েছেন, প্রার্থীদের অভিজ্ঞতার ভিত্তিতে প্রচারের ধরণ আলাদা হবে এবং মূল লক্ষ্য থাকবে জেলাকে বিরোধীশূন্য করা। পরিস্থিতির গুরুত্ব বুঝে তৃণমূল স্তরে সংগঠনকে শক্তিশালী করাই এখন দলের প্রধান কৌশল।