নবান্ন দখলের চূড়ান্ত ব্লুপ্রিন্ট! দিল্লিতে মোদী-শাহের হাইভোল্টেজ বৈঠক, কালই কি বিজেপির দ্বিতীয় তালিকা?

নবান্ন দখলের চূড়ান্ত ব্লুপ্রিন্ট! দিল্লিতে মোদী-শাহের হাইভোল্টেজ বৈঠক, কালই কি বিজেপির দ্বিতীয় তালিকা?

২০২৬-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নবান্ন দখলের লক্ষ্যে কোমর বেঁধে ময়দানে নেমেছে বিজেপি। গত ১৬ মার্চ প্রথম দফায় ১৪৪ জন প্রার্থীর নাম ঘোষণা করে চমক দেওয়ার পর, এবার বাকি ১৫০টি আসনের দিকে নজর রাজনৈতিক মহলের। সূত্রের খবর, প্রার্থী তালিকা চূড়ান্ত করতে দিল্লির ৭ নম্বর লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়েছে। এই হাইভোল্টেজ বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ দলের শীর্ষস্থানীয় নেতৃত্বরা উপস্থিত রয়েছেন।

প্রথম তালিকায় শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ ও লকেট চট্টোপাধ্যায়ের মতো হেভিওয়েট প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। আজকের বৈঠকে বাকি আসনগুলোর প্রার্থী বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে বলে জানা গেছে। রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, সম্ভবত আগামীকাল বৃহস্পতিবারই বিজেপির দ্বিতীয় তথা চূড়ান্ত দফার প্রার্থী তালিকা প্রকাশিত হতে পারে। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে এবার জেতার ক্ষমতা বা ‘উইনেবিলিটি’ ফ্যাক্টরকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে বিজেপি ঘনিষ্ঠ সূত্রের দাবি।

এবারের তালিকায় বিশেষ করে উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলের মতো শক্তিশালী সংগঠন থাকা এলাকাগুলোতে ভূমিপুত্র ও পুরোনো কর্মীদের ওপর ভরসা রাখছে দল। প্রার্থী তালিকায় টলিউড তারকাদের প্রাধান্য থাকবে নাকি পোড়খাওয়া সাংগঠনিক মুখরা জায়গা করে নেবেন, তা নিয়ে কর্মীদের মধ্যে ব্যাপক কৌতুহল সৃষ্টি হয়েছে। দক্ষিনবঙ্গের রাজনৈতিক সমীকরণ মাথায় রেখে দিল্লি নেতৃত্ব অত্যন্ত সতর্কতার সাথে পা বাড়াচ্ছে। এখন দেখার বিষয়, চূড়ান্ত তালিকায় কারা স্থান পান এবং আসন্ন নির্বাচনে তাঁরা কতটা প্রভাব ফেলতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *