বাংলার পুলিশ মহলে রদবদল: কমিশনের পদক্ষেপকে ‘রাজনৈতিক হস্তক্ষেপ’ বলে তোপ মমতার

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই প্রশাসনিক স্তরে রদবদল চালাচ্ছে নির্বাচন কমিশন। সম্প্রতি রাজ্য ও কলকাতা পুলিশের ১৩ জন দক্ষ আইপিএস অফিসারকে তামিলনাড়ু ও কেরলে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। এই তালিকায় আকাশ মাঘারিয়া ও অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মতো পদস্থ আধিকারিকরা রয়েছেন। কমিশনের এই ধারাবাহিক পদক্ষেপে ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার এক্স হ্যান্ডলে এক দীর্ঘ পোস্টে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, এটি কোনো সাধারণ প্রশাসনিক প্রক্রিয়া নয়, বরং উচ্চপর্যায়ের নির্দেশে সরাসরি ‘রাজনৈতিক হস্তক্ষেপ’। তাঁর দাবি, বেছে বেছে পশ্চিমবঙ্গকে লক্ষ্য করে এ পর্যন্ত মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও ডিজিপি-সহ প্রায় ৫০ জন সিনিয়র অফিসারকে বদলি করা হয়েছে। এই ঘটনাকে তিনি নজিরবিহীন ও গভীর উদ্বেগজনক বলে বর্ণনা করেছেন।
তৃণমূল নেত্রীর মতে, বিজেপির নির্দেশেই কমিশন প্রতিহিংসামূলক আচরণ করছে এবং এর ফলে সংস্থার নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা নষ্ট হচ্ছে। তবে কেন্দ্রীয় সরকারের এই চাপের মুখে বাংলা কোনোভাবেই মাথানত করবে না বলে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন। বাংলার জনগণকে টার্গেট করে গণতান্ত্রিক অধিকার খর্ব করার যে চেষ্টা চলছে, সাধারণ মানুষ তার যোগ্য জবাব দেবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।