আরব আমিরশাহীতে ভাই বন্দি, আইনি লড়াইয়ে বিদ্ধস্ত সেলিনা জেটলি

বলিউড অভিনেত্রী সেলিনা জেটলির ভাই বিক্রান্ত কুমার জেটলি গত ১৮ মাস ধরে আরব আমিরশাহীতে বন্দি রয়েছেন। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে নিরাপত্তার কারণে গ্রেপ্তার হওয়ার পর থেকেই ভাইয়ের মুক্তির জন্য আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেলিনা জানান, গত বছরের আগস্ট মাসের পর থেকে ভাইয়ের সঙ্গে তাঁর কোনো যোগাযোগ হয়নি। এমনকি তাঁর ভাই বর্তমানে পরিবারের সঙ্গে কথা বলতেও অনিচ্ছুক, যা অভিনেত্রীকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে।
সেলিনা অভিযোগ করেছেন, বিদেশে ভারতীয় সেনাদের টার্গেট করা হচ্ছে এবং তাঁর পরিবারকে ভাইয়ের স্বাস্থ্য বা বর্তমান অবস্থা সম্পর্কে সঠিক তথ্য দেওয়া হচ্ছে না। তাঁর ধারণা, ভুল তথ্যের কারণে বা পরিবারের ওপর আর্থিক চাপ কমাতে তাঁর ভাই যোগাযোগ বিচ্ছিন্ন করেছেন। এই পরিস্থিতিতে সঠিক নিয়ম মেনে ভাইয়ের সঙ্গে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানিয়েছেন তিনি।
এই মামলার প্রেক্ষিতে দিল্লি হাই কোর্ট ইতিমধ্য়েই বিদেশ মন্ত্রককে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে। আদালত অভিনেত্রীর পরিবার ও আরব আমিরশাহী প্রশাসনের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য একজন নোডাল অফিসার নিয়োগের নির্দেশ দিলেও পরিস্থিতির বিশেষ উন্নতি হয়নি। নিজের ভাইয়ের শেষ নিঃশ্বাস পর্যন্ত পাশে থাকার অঙ্গীকার করে সেলিনা ভারত সরকারকে এই সংকটজনক পরিস্থিতিতে দ্রুত হস্তক্ষেপ করার অনুরোধ জানিয়েছেন।