ভবানীপুরে শুভেন্দুর প্রচারে চরম উত্তেজনা: ‘গো ব্যাক’ স্লোগান ঘিরে রণক্ষেত্র এলাকা, থানায় বিরোধী দলনেতা

আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ কেন্দ্র ভবানীপুরে প্রচার ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল এলাকা। বৃহস্পতিবার ভবানীপুরের চক্রবেড়িয়া এলাকায় বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী প্রচারে পৌঁছতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সামনে দিয়ে মিছিল যাওয়ার সময় একদল সমর্থক বিরোধী দলনেতাকে লক্ষ্য করে ‘গো ব্যাক’ স্লোগান দিতে শুরু করেন। পাল্টা স্লোগান দেন বিজেপি কর্মীরাও, যা ঘিরে দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়।
তৃণমূল ও বিজেপি কর্মীদের পাল্টাপাল্টি স্লোগানে পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার উপক্রম হলে দ্রুত পুলিশ মোতায়েন করা হয়। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসার পর শুভেন্দু অধিকারী সরাসরি ভবানীপুর থানায় যান। তাঁর অভিযোগ, প্রচার চলাকালীন বিজেপি কর্মীদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। উল্লেখ্য, এবার নন্দীগ্রামের পাশাপাশি মমতার বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুর থেকেও প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।
রাজনৈতিক মহলের মতে, এই ঘটনা ছাব্বিশের ভোটের উত্তেজনারই আগাম পূর্বাভাস। একদিকে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করার হুঙ্কার দিচ্ছেন, অন্যদিকে তৃণমূল সুপ্রিমো নিজের জয়ের ব্যাপারে সম্পূর্ণ আত্মবিশ্বাসী। শাসকদলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ভবানীপুরে এদিনের সংঘাত স্পষ্ট করে দিল যে, আসন্ন নির্বাচনে এই কেন্দ্রে এক ইঞ্চি জমি ছাড়তেও নারাজ কোনো পক্ষই।