অশ্লীল গানের জেরে চরম বিপাকে নোরা-সঞ্জয়, তলব করল জাতীয় মহিলা কমিশন

কন্নড় ছবি ‘কেডি: দ্য ডেভিল’-এর ‘সারকে চুনার’ গানে অশ্লীল শব্দ ও যৌন ইঙ্গিতবাহী অঙ্গভঙ্গির অভিযোগে উত্তাল গোটা দেশ। খোদ সংসদেও এই আইটেম নম্বরটি নিয়ে তীব্র নিন্দা প্রকাশ করা হয়েছে। এর আগেই জাতীয় মানবাধিকার কমিশন নির্মাতাদের নোটিস পাঠিয়েছিল। এবার সরাসরি কড়া পদক্ষেপ করল জাতীয় মহিলা কমিশন।
প্রাথমিক পর্যবেক্ষণে কমিশন জানিয়েছে, এই গানের লিরিকস ও দৃশ্য সরাসরি ভারতীয় সংস্কৃতি এবং একাধিক আইনি ধারা লঙ্ঘন করছে। বিষয়টিকে চরম অবমাননাকর আখ্যা দিয়ে আগামী ২৪শে মার্চ দুপুর সাড়ে ১২টায় বলিউড তারকা নোরা ফতেহি ও সঞ্জয় দত্তকে সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে তলব করা হয়েছে ছবির পরিচালক ও প্রযোজককেও।
বিতর্ক দানা বাঁধতেই তথ্য-সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গানটিকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে ‘নিষিদ্ধ’ ঘোষণা করেছেন। যদিও গীতিকার রাকিব আলম অনুবাদের দোহাই দিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন, তবে কমিশন স্পষ্ট জানিয়েছে যে নির্ধারিত সময়ে হাজিরা না দিলে সংশ্লিষ্ট তারকা ও নির্মাতাদের কঠোর আইনি পরিণতির মুখোমুখি হতে হবে।