বোর্ড প্রধান নকভির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন আহমেদ শেহজাদ

টি-টোয়েন্টি বিশ্বকাপ ও বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে পাকিস্তানের শোচনীয় ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান মহসিন নকভিকে তীব্র আক্রমণ করেছেন পাক তারকা আহমেদ শেহজাদ। তাঁর অভিযোগ, বর্তমান পিসিবি ইতিহাসের সবচেয়ে দুর্বল এবং সিদ্ধান্তহীনতায় ভুগছে। বোর্ডের ভুল নীতি এবং দল নির্বাচনে মাত্রাতিরিক্ত পক্ষপাতিত্বই পাকিস্তানের ক্রিকেটের বর্তমান অধঃপতনের মূল কারণ বলে তিনি দাবি করেন।
শেহজাদ নিজের ইউটিউব চ্যানেলে ক্ষোভ প্রকাশ করে জানান, বিগত কয়েক বছর ধরে নির্দিষ্ট সাত-আটজন ক্রিকেটারকে অন্যায্য সুবিধা প্রদান এবং ব্র্যান্ড হিসেবে তুলে ধরার চেষ্টা হয়েছে। কিন্তু বিপুল অর্থ বিনিয়োগ ও নেতৃত্বের দায়িত্ব পেলেও তারা মাঠের সাফল্যের বদলে ব্যক্তিগত স্বার্থেই বেশি ব্যস্ত থেকেছেন। এই ‘সিন্ডিকেট’ ব্যবস্থার কারণে নতুন প্রতিভা উঠে আসার পথ রুদ্ধ হচ্ছে বলে তাঁর অভিযোগ।
ক্রিকেটারদের দায়িত্বজ্ঞানহীনতার সমালোচনা করে এই ওপেনার আরও বলেন যে, এত বড় ব্যর্থতার পরেও কেউ দায় স্বীকার করতে প্রস্তুত নয়। উল্টো সমালোচনা এড়াতে নানা অজুহাত তৈরি করা হচ্ছে। বোর্ডের দুর্বল অবস্থানের কারণে খেলোয়াড়দের মধ্যে অহংকার বাড়ছে এবং তারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। দেশের ক্রিকেটের ভবিষ্যৎ রক্ষায় পিসিবি-র আমূল পরিবর্তন জরুরি বলে তিনি মনে করেন।