বিতর্ক ছাপিয়ে বাঁকুড়ায় বিজেপির ভরসা নীলাদ্রিশেখর দানা

আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনে বাঁকুড়া কেন্দ্র থেকে পুনরায় প্রার্থী হিসেবে নীলাদ্রিশেখর দানার নাম ঘোষণা করল বিজেপি। বৃহস্পতিবার দলের দ্বিতীয় দফার ১১১ জন প্রার্থীর তালিকায় বর্তমান এই বিধায়কের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। গত লোকসভা ও বিধানসভা নির্বাচনে দলের অন্যতম মুখ হিসেবে তিনি নিজের প্রাসঙ্গিকতা বজায় রেখেছেন।
নীলাদ্রিশেখর দানার প্রার্থপদ ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চর্চা। কল্যাণী এইমসে টাকার বিনিময়ে পরিবারের সদস্যদের চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে তিনি দীর্ঘ সময় সিআইডি-র আতশকাঁচের নিচে ছিলেন। এই দুর্নীতি মামলায় তাঁকে একাধিকবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ও সিআইডি-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে।
তবে সমস্ত বিতর্ক ও অভিযোগকে আমল না দিয়ে বিজেপি নেতৃত্ব পুনরায় তাঁর ওপরেই আস্থা রেখেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও স্থানীয় স্তরে নীলাদ্রিশেখর দানার সাংগঠনিক দক্ষতা ও জনসমর্থনের কথা মাথায় রেখেই তাঁকে পুনরায় নির্বাচনী ময়দানে নামানোর সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া শিবির।