মেয়ের বাড়িতে যাওয়াই কাল: ইজরায়েলি হামলায় খতম খামেনেইর ‘ডান হাত’ আলি লারজানি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইর অত্যন্ত ঘনিষ্ঠ ও দেশটির নিরাপত্তা প্রধান আলি লারজানি ইজরায়েলের নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন। দীর্ঘ সময় ধরে ইজরায়েলি গোয়েন্দাদের নজর এড়িয়ে অবস্থান পরিবর্তন ও ছদ্মবেশ ধারণ করে চললেও শেষ রক্ষা হয়নি। মঙ্গলবার তেহরানের পারডিসে মেয়ের বাড়িতে দেখা করতে যাওয়াই তাঁর জন্য প্রাণঘাতী হয়ে দাঁড়ায়।
ইজরায়েলি সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, খামেনেইর মৃত্যুর পর লারজানিই ছিলেন তেল আভিভের ‘হিট লিস্ট’-এর শীর্ষে। অত্যন্ত কঠোর নিরাপত্তা বলয় ও গোপন ডেরায় থাকলেও মেয়ের বাড়িতে তাঁর উপস্থিতির খবর পৌঁছে যায় মোসাদের কাছে। এই অতর্কিত হামলায় লারজানির পাশাপাশি তাঁর পুত্র, ব্যক্তিগত দেহরক্ষী এবং ইরানের আরও এক উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানা গেছে।
এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের নেপথ্যে উঠে আসছে ভয়াবহ অন্তর্ঘাতের তত্ত্ব। ধারণা করা হচ্ছে, তেহরানের অভ্যন্তরে থাকা কোনো সোর্স লারজানির গতিবিধির খবর মোসাদের কাছে পাচার করেছে। দেশের ভেতরেই শত্রু পক্ষের চর বা ‘বিভিষণ’ সক্রিয় থাকায় ইরান প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন দেখা দিয়েছে, যা বর্তমানে দেশটির জন্য চরম অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।