পরবর্তী ধোনি নন, নিজের পরিচয়েই বিশ্বসেরা সঞ্জু স্যামসন: দরাজ সার্টিফিকেট গম্ভীরের

টি-টোয়েন্টি বিশ্বকাপে সঞ্জু স্যামসনের অনবদ্য পারফরম্যান্সের পর কেরালা ব্যাটারের উত্থান নিয়ে মুখ খুললেন কংগ্রেস সাংসদ শশী থারুর। তরুণ সঞ্জুর প্রতিভা দেখে একসময় থারুর তাকে ‘পরবর্তী ধোনি’ হওয়ার ভবিষ্যদ্বাণী করেছিলেন। তবে বর্তমান ভারতীয় কোচ গৌতম গম্ভীর সেই ধারণায় ভিন্নমত পোষণ করেন। গম্ভীরের মতে, সঞ্জুর কাউকে নকল করার প্রয়োজন নেই; তিনি নিজের নামেই পরিচিত হওয়ার ক্ষমতা রাখেন।
২০২০ সালেই গম্ভীর সঞ্জুকে ভারতের অন্যতম সেরা তরুণ উইকেটকিপার-ব্যাটার হিসেবে অভিহিত করেছিলেন। থারুর জানান, গম্ভীর তাকে স্পষ্ট বলেছিলেন যে সঞ্জুর পরবর্তী ধোনি হওয়ার দরকার নেই, তিনি শুধুই ‘সঞ্জু স্যামসন’। রাজস্থান রয়্যালসের সফল অধিনায়ক হিসেবে নিজেকে প্রমাণ করার পর জাতীয় দলেও নিজের অপরিহার্যতা প্রমাণ করেছেন এই শান্ত ও প্রতিভাবান ক্রিকেটার।
সদ্য সমাপ্ত বিশ্বকাপে জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে দলে ফিরে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত অর্ধশতরান করেন সঞ্জু। দলের প্রয়োজনে বড় শট খেলতে গিয়ে শতরানের দোরগোড়া থেকে ফিরলেও তার নিঃস্বার্থ ব্যাটিংয়ের প্রশংসা করেছেন থারুর। কঠিন সময়েও নিজেকে সংযত রেখে টপ অর্ডারে স্থায়িত্ব প্রদান করে আজ বিশ্বমঞ্চে উজ্জ্বল ভারতের এই তারকা ক্রিকেটার।