গিরিশ পার্কে অশান্তি: কেন নিষ্ক্রিয় ছিল কেন্দ্রীয় বাহিনী? নতুন পুলিশ কমিশনারের কাছে রিপোর্ট তলব নির্বাচন কমিশনের

ব্রিগেড ময়দানে প্রধানমন্ত্রীর জনসভার দিন গিরিশ পার্ক এলাকায় ঘটা রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় ফের রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। কলকাতার নবনিযুক্ত পুলিশ কমিশনারের কাছে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়েছে। এর আগে তৎকালীন পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারের জমা দেওয়া রিপোর্টে কমিশন সন্তুষ্ট হতে না পারায় এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
গত শনিবার জনসভায় যাওয়ার পথে বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে গিরিশ পার্ক। দু’পক্ষের পাথর ছোড়াছুড়ি ও মারধরের ঘটনায় বৌবাজার থানার ওসিসহ বেশ কয়েকজন আহত হন। তৃণমূলের অভিযোগ, বিজেপি কর্মীরা মন্ত্রী শশী পাঁজার বাড়ি লক্ষ্য করে ইট ছোঁড়ে। অন্যদিকে বিজেপির দাবি, তাদের বাসে ভাঙচুর চালিয়েছে শাসকদলের কর্মীরা।
কমিশন জানতে চেয়েছে, প্রধানমন্ত্রীর সভার মতো স্পর্শকাতর দিনে কেন ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল না এবং গোয়েন্দা বিভাগ কেন ব্যর্থ হলো। আগের রিপোর্টকে ‘আসাম্পূর্ণ’ অ্যাখ্যা দিয়ে নতুন রিপোর্টে কোনো আধিকারিকের গাফিলতি ছিল কি না, তাও স্পষ্ট করতে বলা হয়েছে। দ্রুত এই বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন।