আরজি কর কাণ্ড: নির্যাতিতার পরিবারের ভূমিকা নিয়ে মহম্মদ সেলিমের ‘স্টকহোম সিনড্রোম’ কটাক্ষ

আরজি কর আবহে নির্যাতিতার পরিবারের সাম্প্রতিক অবস্থান নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। বৃহস্পতিবার আলিমুদ্দিন স্ট্রিটে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশের সময় তিনি দাবি করেন, অপরাধীদের প্রতি মমত্ববোধ তৈরি হওয়া এক ধরণের মানসিক সমস্যা, যাকে বিজ্ঞানের ভাষায় ‘স্টকহোম সিনড্রোম’ বলা হয়। নির্যাতিতার পরিবারের বিজেপির প্রতি ক্রমবর্ধমান ঝুঁকে পড়াকে কেন্দ্র করেই বাম নেতার এই ইঙ্গিতপূর্ণ মন্তব্য বলে মনে করছে রাজনৈতিক মহল।
এদিন সেলিম অভিযোগ করেন, আরএসএস-এর শেখানো বুলি ও হোয়াটসঅ্যাপ বার্তার প্রভাবেই নির্যাতিতার পরিবার বামপন্থীদের বিরুদ্ধে সরব হচ্ছে। তিনি মনে করিয়ে দেন, ঘটনার শুরুতে যখন হাসপাতাল কর্তৃপক্ষ ও শাসকদল তথ্যপ্রমাণ লোপাটে সক্রিয় ছিল, তখন মীনাক্ষী মুখোপাধ্যায়ের মতো বাম কর্মীরাই প্রাণের ঝুঁকি নিয়ে লড়াই করেছিলেন। তৎকালীন অসহায় পরিস্থিতিতে বামপন্থীরাই প্রথম রাজপথে নেমে ন্যায়ের দাবিতে সোচ্চার হয়েছিলেন বলে তিনি দাবি করেন।
বিজেপি ও তৃণমূলকে একযোগে আক্রমণ করে সেলিম বলেন, নির্যাতিতার পরিবারকে নিয়ে দিল্লি দৌড়াদৌড়ি করলেও বিজেপি আদতে কোনো বিচার এনে দিতে পারেনি। তাঁর মতে, ধর্মঘট মেটার পর থেকে বিজেপি ও তৃণমূল একই মেরুতে অবস্থান করছে। বামপন্থীরা কোনো রাজনৈতিক স্বার্থ ছাড়াই বিনামূল্যে আইনি লড়াই চালিয়েছে উল্লেখ করে তিনি স্পষ্ট জানান, পেশা বা ধর্ম নির্বিশেষে মানুষ ন্যায়ের জন্য পথে নেমেছিল এবং তাঁরা অন্যায়ের সাথে কোনো আপস করবেন না।