বিতর্কিত আইটেম গান ঘিরে বিপাকে সঞ্জয়-নোরা, ইউটিউব থেকে সরল ভিডিও

কন্নড় ছবি ‘কেডি: দ্য ডেভিল’-এর একটি আইটেম গানকে কেন্দ্র করে বড়সড় বিতর্কে জড়িয়েছেন বলিউড তারকা সঞ্জয় দত্ত ও নোরা ফাতেহি। গানের কথায় অশালীন শব্দ এবং দ্ব্যর্থবোধক প্রয়োগের অভিযোগে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠেছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, জাতীয় মানবাধিকার কমিশন স্বতঃপ্রণোদিত হয়ে এই গানের বিরুদ্ধে নোটিস জারি করেছে।
সংগীতশিল্পী আরমান মালিক এবং অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতও প্রকাশ্যেই এই গানের কড়া সমালোচনা করেছেন। ক্রমবর্ধমান বিতর্কের মুখে ইউটিউবে মুক্তির মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই গানটি সরিয়ে নিতে বাধ্য হয়েছেন নির্মাতারা। অশালীন শব্দ পরিবর্তনের দাবিতে সরব হওয়া সাধারণ মানুষের চাপের মুখে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
এই বিতর্কের আবহেই আজ বুধবার মুক্তি পাচ্ছে সঞ্জয় দত্ত অভিনীত নতুন ছবি ‘ধুরন্ধর ২’। একদিকে নতুন সিনেমার প্রচারণা, অন্যদিকে সেন্সরশিপ ও আইনী নোটিসের টানাপোড়েনে বর্তমানে সরগরম বিনোদন দুনিয়া। সংশ্লিষ্ট পক্ষগুলো এই বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য না করলেও গানটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।