নোয়াপাড়ায় হাইভোল্টেজ লড়াই: ১০ বছর পর বিধানসভা নির্বাচনে প্রার্থী অর্জুন সিং

বাংলার বিধানসভা নির্বাচনের উত্তাপ বাড়িয়ে দ্বিতীয় ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। দীর্ঘ ১০ বছর পর ফের বিধানসভা নির্বাচনে লড়তে চলেছেন হেভিওয়েট নেতা অর্জুন সিং। দল তাকে নোয়াপাড়া কেন্দ্র থেকে প্রার্থী করেছে। এর আগে টানা চারবার ভাটপাড়া থেকে জয়ী হলেও, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূলের পার্থ ভৌমিকের কাছে পরাজিত হয়েছিলেন তিনি।
নোয়াপাড়ায় অর্জুন সিংয়ের প্রধান প্রতিদ্বন্দ্বী তৃণমূলের যুবনেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য এবং বাম শিবিরের গার্গী চট্টোপাধ্যায়। রাজনৈতিক মহলের মতে, অর্জুনের দীর্ঘ অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা এই কেন্দ্রে তাকে সুবিধাজনক অবস্থানে রাখতে পারে। অন্যদিকে, তৃণমূল প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্যের নাম জিটিএ শিক্ষক দুর্নীতি মামলার চার্জশিটে থাকায় সেখানে বিজেপি প্রার্থীর পাল্লা ভারী বলে মনে করছেন বিশ্লেষকদের একাংশ।
রাজ্যের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নোয়াপাড়া ও ভাটপাড়া কেন্দ্র দুটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভাটপাড়ায় বিজেপি প্রার্থী হিসেবে লড়ছেন অর্জুন-পুত্র পবন সিং। নিজের পুরনো দুর্গ ও সংলগ্ন এলাকায় অর্জুন সিংয়ের ব্যক্তিগত প্রভাব কতটা অটুট থাকে, এখন সেটাই দেখার বিষয়। তৃণমূল ও বাম—উভয় পক্ষই এই আসনটি দখলে নিতে মরিয়া হয়ে প্রচারে নেমেছে।