ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান প্রকল্পে ভারত আকাশসীমায় শক্তি বৃদ্ধিতে বড় পদক্ষেপ

ভারতীয় বিমান বাহিনীকে বিশ্বের অন্যতম শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তুলতে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান উন্নয়ন কর্মসূচিতে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ভারত। প্রতিরক্ষা মন্ত্রক সংসদীয় স্থায়ী কমিটিকে জানিয়েছে যে, ব্রিটেন-ইতালি-জাপান অথবা ফ্রান্স-জার্মানির গ্লোবাল কনসোর্টিয়ামের যেকোনো একটিতে যুক্ত হওয়ার লক্ষ্য রাখা হয়েছে। এই পদক্ষেপের ফলে অত্যাধুনিক যুদ্ধপ্রযুক্তিতে ভারত বিশ্বের প্রথম সারির দেশগুলোর তালিকায় উঠে আসবে।
প্রতিবেশী দেশ চীন ইতিমধ্যেই তাদের ষষ্ঠ প্রজন্মের বিমানের নকশা প্রকাশ করায় ভারত এই প্রতিযোগিতায় পিছিয়ে থাকতে নারাজ। কমিটির রিপোর্টে জানানো হয়েছে, দেশীয় প্রযুক্তিতে তৈরি পঞ্চম প্রজন্মের ‘অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট’ (AMCA)-এর নকশা চূড়ান্ত হয়েছে। ২০৩৫ সালের মধ্যে এই ধরণের ছয়টি স্কোয়াড্রন বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
প্রতিরক্ষা শক্তি বাড়াতে একটি ফরাসি সংস্থার সহায়তায় শক্তিশালী ইঞ্জিন তৈরির কাজও দ্রুতগতিতে এগিয়ে চলছে। বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে আকাশপথের নিরাপত্তা সুনিশ্চিত করতে ভারত আধুনিক প্রযুক্তিতে বিনিয়োগ বাড়াচ্ছে। এর ফলে ভবিষ্যতে ভারতীয় বিমান বাহিনীর সক্ষমতা ও রণকৌশল এক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।