১ এপ্রিল থেকে কি স্তব্ধ হবে রাজপথ? টোল প্লাজায় কড়া নিয়মের প্রতিবাদে চরম হুঁশিয়ারি বাস মালিকদের

জাতীয় সড়কের টোল প্লাজায় ১ এপ্রিল থেকে নগদ লেনদেন বন্ধ এবং টোল বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে সরব হয়েছে বাস মালিক সংগঠনগুলো। নতুন নিয়মে ফাস্ট্যাগ বা ইউপিআই বাধ্যতামূলক হওয়ায় খরচ বৃদ্ধির পাশাপাশি প্রযুক্তিগত সমস্যার আশঙ্কা করছেন চালকরা। ওয়েস্ট বেঙ্গল বাস মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, টোল প্লাজায় রুট বাসের জন্য আলাদা লেন এবং নগদ লেনদেনের সুবিধা বহাল না রাখলে তারা ১ এপ্রিল থেকে বাস পরিষেবা বন্ধ করে দিতে বাধ্য হবে।
পরিবহন কর্মীদের দাবি, জাতীয় সড়কে অটো ও টোটোর মতো ধীরগতির যান চলাচল নিয়ন্ত্রণ এবং সার্ভিস রোডে অবৈধ পার্কিং বন্ধ করতে হবে। দাবি পূরণ না হলে টোল প্লাজা দিয়ে বাস চলাচল করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে সংগঠনটি। এই অচলাবস্থার জেরে সাধারণ যাত্রীদের ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে। উদ্ভূত পরিস্থিতির জন্য সরাসরি জাতীয় সড়ক কর্তৃপক্ষকেই দায়ী করেছেন বাস মালিকরা।