শুক্রবারই প্রকাশ পেতে পারে প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা, জল্পনা তুঙ্গে

শুক্রবারই প্রকাশ পেতে পারে প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা, জল্পনা তুঙ্গে

রাজ্যে প্রথম দফার সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের সম্ভাবনা তৈরি হয়েছে আজ, শুক্রবার। এর আগে বৃহস্পতিবার এই তালিকা প্রকাশের জল্পনা থাকলেও শেষ পর্যন্ত তা কার্যকর হয়নি। নির্বাচন কমিশন সূত্রে খবর, রাজ্যজুড়ে ভোটার যাচাই বা এসআইআর (SIR) প্রক্রিয়া শেষে গত ২৮ ফেব্রুয়ারি যে চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছিল, তাতে প্রায় ৬০ লক্ষাধিক নাম বিচারাধীন ছিল। সেই নামগুলোর নিষ্পত্তির পরেই এই অতিরিক্ত তালিকা প্রকাশ করা হচ্ছে।

কমিশন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ২৫ লক্ষ ৩৪ হাজার বিচারাধীন ভোটারের নথি যাচাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। ৭ হাজারের বেশি বুথ থেকে আসা তথ্যের ভিত্তিতে এই তালিকা প্রস্তুত। সুপ্রিম কোর্টের নির্দেশে বর্তমানে প্রায় ৭০০ জন বিচারক ও অবসরপ্রাপ্ত বিচারক এই যাচাই প্রক্রিয়ায় যুক্ত রয়েছেন। গড়ে প্রতিদিন প্রায় ২ লক্ষ নামের নিষ্পত্তি হলেও সমস্ত বুথের রিপোর্ট না আসায় তালিকা প্রকাশে কিছুটা বিলম্ব ঘটেছে।

পশ্চিমবঙ্গে আগামী ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটের আগেই ধাপে ধাপে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পরিকল্পনা রয়েছে কমিশনের। এদিকে, এই যাচাই প্রক্রিয়ায় যুক্ত বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ডিএসপি-দের বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। অবশিষ্ট বুথগুলোর তথ্য হাতে এলেই কমিশন দ্রুত প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট জনসমক্ষে আনবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *